গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও ছাত্রসহ নিহত ২

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২০, ৫:৫৩ অপরাহ্ন

ফয়সাল হাবিব সানি (স্টাফ রিপোর্টার)।।

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ১ জন ছাত্রসহ ২ জন নিহত হয়েছেন।

শুক্রবার (৩ জানুয়ারি) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া এবং বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে জেলার ঘোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনার সূত্রপাত ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন- লাবনী বেগম (২৬) ও বিশ্বজিৎ মণ্ডল (২৫)।

অনুসন্ধান সূত্রে জানতে পারা যায়, দুর্ঘটনায় নিহত লাবনী বেগম গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি ইউনিয়নের মানিহার গ্রামের তাওহীদ মোল্লার সহধর্মিনী। অন্যদিকে, নিহত বিশ্বজিৎ মণ্ডল বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার শ্রীরামপুর গ্রামের রণজিৎ মণ্ডলের পুত্র। তিনি বাগেরহাট পিসি কলেজে এমএ শ্রেণিতে অধ্যয়নরত ছিলেন। উল্লেখ্য, নিহত বিশ্বজিৎ মণ্ডল আজ শুক্রবার খুলনায় একটি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছিলেন বলে জানতে পারা যায়।

এ সড়ক দুর্ঘটনার ব্যাপারে পুলিশ অন্যদৃষ্টি ডট কমকে বলেন, সকালে গোপালগঞ্জ শহরের নিচুপাড়া এলাকা থেকে মাহেন্দ্রতে ঘোনাপাড়া যাচ্ছিলেন বিশ্বজিৎ। পথিমধ্যে মাহেন্দ্রটি ঢাকা-খুলনা মহাসড়কের পাথালিয়া নামক স্থানে পৌঁছালে সবজি বোঝাই একটি ট্রাকের সঙ্গে মাহেন্দ্রটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মৃত্যুমুখে পতিত হন বিশ্বজিৎ। এ ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হন৷ আহতদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷

অপরপক্ষে, গতকাল বৃহস্পতিবার রাতে ঘোনাপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে রাস্তা পার হচ্ছিলেন লাবনী৷ রাস্তা পার হবার সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে চলে যায়। এসময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট গোপালগঞ্জ জেনারেল হাসাপাতালে নিয়ে গেলে সেখালে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত ওসি মনিরুল ইসলাম এ বিষয়ে সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন৷

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ