নওগাঁর পোরশায় স্থানীয় সাধারণ মানুষের সহায়তায় ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন জন খুচরা মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ঘাটনগর ইউনিয়নের বড়গ্রাম মোড় থেকে গড়াকান্দরগামী পাকা রাস্তার বড়গ্রাম শাহুপাড়া স্মৃতি সংঘ ক্লাবের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার বড়গ্রাম এলাকার ইউসুফ আলী (৩৮), ইমরান নাজিম (২৩) এবং ফারুক হোসেন (২৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৯ অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় লোকজন জানতে পারেন যে, বড়গ্রাম শাহুপাড়া স্মৃতি সংঘ ক্লাবের সামনের পাকা রাস্তায় কয়েকজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য কেনাবেচা করছেন। স্থানীয় জনতা একত্রিত হয়ে তাদের ঘিরে ফেলেন এবং পোরশা থানায় খবর দেন।
খবর পেয়ে পোরশা থানা পুলিশের একটি দল রাত ১১টা ১০ মিনিটে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং স্থানীয় লোকজনের সহায়তায় তিন মাদক কারবারিকে হেফাজতে নেয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশি করা হয়।
এ সময় আসামিদের পরিহিত লুঙ্গির কোচর থেকে তাদের নিজ হাতে বের করে দেওয়া মোট ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
এ ঘটনায় পোরশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের পর দিন আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
You must be logged in to post a comment.