এমপিওভুক্ত শিক্ষকদের বদলি, সভা কবে?

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ২:০১ অপরাহ্ন

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ফল প্রকাশ নিয়ে আগামী সপ্তাহে সভা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

তিনি জানিয়েছেন, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে আলোচনা করে সভার তারিখ চূড়ান্ত করা হবে।

সম্প্রতি দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে অধ্যাপক ড. সোহেল বলেন, ‘শিক্ষকদের বদলির ফল প্রকাশের জন্য মাউশি প্রস্তুত। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার সাতদিনের মধ্যে বদলির ফল প্রকাশ করা সম্ভব। আমরা সেভাবেই প্রস্তুতি নিয়েছি।’

মাউশি মহাপরিচালক আরও বলেন, ‘শিক্ষকদের নানা দাবি দাওয়া রয়েছে। এগুলো পূরণ করতে হলে টেকনিক্যালি কিছু কাজ করতে হবে। এজন্য একাধিক সভার প্রয়োজন রয়েছে। আমরা চেষ্টা করছি আগামী সপ্তাহে একটি সভা করার। শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে বিষয়টি ঠিক করা হবে।’

এদিকে বেসরকারি শিক্ষকদের বদলির ফল প্রকাশে বিলম্ব হওয়ায় ক্ষোভ প্রকাশ করে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেছেন, ‘বদলির ফয়সালা রাজপথেই হবে’।

মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।

অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, ‘মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ডিজি মহোদয়ের বক্তব্যের প্রেক্ষিতে বলতে চাই—সবাই প্রস্তুতি নিন! বদলির ফয়সালা রাজপথেই হবে, ইনশা-আল্লাহ।’

এর আগে গত সোমবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মুহাম্মদ শাহাদাত হোসাইন জানান, ‘বেসরকারি মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি সফটওয়্যার তৈরি নিয়ে একটি টেন্ডার হয়েছে। টেন্ডার হলেও ইভ্যালুয়েশন শেষ হয়নি। প্রথম টেন্ডারের যাবতীয় প্রক্রিয়া শেষ হওয়ার পর দ্বিতীয়বার আরেকবার টেন্ডার হবে। এরপর সফটওয়্যার তৈরি হলে শিক্ষকদের বদলির আওতায় নিয়ে আসা হবে বলে।

দুইবার টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করার কারণ জানতে চাইলে মহাপরিচালক জানান, ‘এটি সার্ভিস টেন্ডার; এজন্য দুইবার করতে হচ্ছে। তবে সব কার্যক্রম দ্রুত শেষ করার চেষ্টা চলছে।’

মাদ্রাসা শিক্ষকদের বদলি কার্যক্রম কবে নাগাদ শুরু হতে পারে এমন প্রশ্নের জবাবে মুহাম্মদ শাহাদাত হোসাইন আরও বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু করতে আগামী বছরের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস লেগে যেতে পারে। এর আগে বদলি কার্যক্রম শুরু করা সম্ভব হবে না।’

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ