সশস্ত্র বাহিনী দিবসে মায়ের স্মৃতিচারণ করে আবেগাপ্লুত তারেক রহমান

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭:১৮ অপরাহ্ন

সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে প্রয়াত মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, ২০২৫ সালের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানটিই ছিল তাঁর মায়ের জীবনের শেষ আনুষ্ঠানিক অনুষ্ঠান। এ সময় মায়ের আত্মার মাগফেরাত কামনায় উপস্থিত সবার কাছে দোয়া চান তিনি।

শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

বক্তব্যের শুরুতে নিজের ব্যক্তিগত স্মৃতির কথা তুলে ধরে তারেক রহমান বলেন, আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি কিছুটা স্মৃতিকাতর হয়ে পড়েছেন। তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া জীবনের প্রায় পুরো সময়ই এই সেনানিবাসে কাটিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ ও ঘটনাবহুল রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া কখনো প্রধানমন্ত্রী, আবার কখনো জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী হিসেবে বহুবার সশস্ত্র বাহিনীর বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তবে ২০২৫ সালের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানটিই ছিল তাঁর জীবনের সর্বশেষ অনুষ্ঠান। এবারের আয়োজনে এসে বারবার সেই স্মৃতি মনে পড়ছে।

এ সময় আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, আল্লাহর দরবারে তিনি তাঁর প্রয়াত মায়ের মাগফেরাত কামনা করছেন। একজন সন্তান হিসেবে সবার কাছে মায়ের জন্য দোয়া প্রার্থনা করেন প্রধানমন্ত্রী।

সশস্ত্র বাহিনী দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, বাংলাদেশের জাতীয় ইতিহাস ও জীবনে ২১ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ দিন। ১৯৭১ সালের এই দিনে সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ ও পাল্টা আক্রমণ গড়ে তোলে। সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করেই প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা, মহান মুক্তিযুদ্ধ এবং সশস্ত্র বাহিনীর প্রতিষ্ঠার ইতিহাস পরস্পরের সঙ্গে গভীরভাবে জড়িত। মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জন্ম ও বিকাশ ঘটেছে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও ছিলেন সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য। এই ইতিহাস সশস্ত্র বাহিনীর জন্য গৌরবের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।

নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে পরিচয় দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশ নিতে পেরে তিনি নিজেও গর্বিত। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের যেকোনো অর্জন, গৌরব ও সাফল্য তাঁকে গভীরভাবে অনুপ্রাণিত করে। মেজর জিয়াউর রহমানের সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য হিসেবে ভূমিকা পালনও বাহিনীর ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায় বলে উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রীর বক্তব্যে একদিকে যেমন উঠে আসে মহান মুক্তিযুদ্ধ ও সশস্ত্র বাহিনীর গৌরবময় ইতিহাস, অন্যদিকে তেমনি ব্যক্তিগত জীবনের আবেগঘন স্মৃতি হয়ে ওঠে অনুষ্ঠানের অন্যতম আলোচিত মুহূর্ত।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ