বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতা, অভিনয়শিল্পী ও সিনেমাপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়েছে কাতারের রাজধানী দোহা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শুরু হয়েছে দোহা চলচ্চিত্র উৎসবের ২০২৬ সালের আসর। দোহা চলচ্চিত্র ইনস্টিটিউটের আয়োজনে নয় দিনব্যাপী এ উৎসব চলবে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত।
এবারের আয়োজনে ৬০টি দেশের মোট ১০৪টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মধ্যে ১৭টি চলচ্চিত্রের বিশ্ব প্রিমিয়ার এবং ৪৮টির মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক চলচ্চিত্রের পাশাপাশি আরব বিশ্বের নির্মাতাদের সৃজনশীল কাজও পেয়েছে বিশেষ গুরুত্ব।
উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে ইয়েমেনি-ব্রিটিশ নির্মাতা সারা ইসহাক পরিচালিত ‘দ্য স্টেশন’ (আল মাহাত্তাহ)। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের নারীদের জীবনসংগ্রাম, পারস্পরিক সংহতি ও প্রতিকূলতার মধ্যেও টিকে থাকার গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। নারীদের জন্য নির্ধারিত একটি পেট্রল স্টেশনকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এর কাহিনি।
এবারের উৎসবের বিশেষ আকর্ষণ ভারতীয় অভিনেত্রী ও নির্মাতা নন্দিতা দাস এবং সিরিয়ার জনপ্রিয় অভিনেতা তাইম হাসান। চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ উদ্বোধনী অনুষ্ঠানে তাঁদের হাতে তুলে দেওয়ার কথা রয়েছে ‘ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’। উৎসবে আরও অংশ নিচ্ছেন ভারতীয় অভিনেতা আদিল হুসেইন ও নেহা ধুপিয়া, মার্কিন নির্মাতা জেমস গ্রে, জাপানি নির্মাতা নাওমি কাওয়াসে, ইতালীয় নির্মাতা জিয়ানফ্রাঙ্কো রোসি এবং ব্রিটিশ অভিনেতা জিম কার্টারসহ আন্তর্জাতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।
উৎসবে আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, কাতারে নির্মিত চলচ্চিত্র এবং তরুণদের জন্য ‘আজিয়াল’ প্রতিযোগিতাসহ বিভিন্ন বিভাগে পুরস্কার দেওয়া হবে। এসব পুরস্কারের মোট অর্থমূল্য তিন লাখ মার্কিন ডলারের বেশি। এ ছাড়া উপসাগরীয় অঞ্চলের চলচ্চিত্র ও নির্মাতাদের বিশেষভাবে তুলে ধরতে এবারের আয়োজনে যুক্ত হয়েছে ‘সিনেমা আল খালিজ’ কর্মসূচি।
উৎসব পরিচালক ও দোহা চলচ্চিত্র ইনস্টিটিউটের প্রধান নির্বাহী ফাতমা হাসান আল রেমাইহি বলেন, চলচ্চিত্র ভৌগোলিক সীমানা অতিক্রম করে মানুষের মধ্যে সংযোগ স্থাপনের শক্তিশালী মাধ্যম। স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের সাহসী, সৃজনশীল ও ব্যতিক্রমী গল্প তুলে ধরার গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মঞ্চ হিসেবে দোহা চলচ্চিত্র উৎসব প্রতিষ্ঠিত হয়েছে।
শুধু চলচ্চিত্র প্রদর্শনেই সীমাবদ্ধ থাকছে না এবারের আয়োজন। উৎসবে নির্মাতা ও অভিনয়শিল্পীদের সঙ্গে সরাসরি আলোচনা, বিশেষ অধিবেশন, সংগীতানুষ্ঠান এবং তরুণ চলচ্চিত্র নির্মাতাদের জন্য থাকছে নানা আয়োজন। কাতারা কালচারাল ভিলেজ, মুশাইরিব ডাউনটাউন দোহা ও ইসলামিক আর্ট জাদুঘরসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অনুষ্ঠিত হচ্ছে উৎসবের কার্যক্রম।
বিশ্ব চলচ্চিত্রে নতুন প্রতিভার বিকাশ, স্বাধীন নির্মাতাদের কাজের আন্তর্জাতিক পরিচিতি এবং বিভিন্ন সংস্কৃতির মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সেতুবন্ধন তৈরির লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে দোহা চলচ্চিত্র উৎসবের এবারের আয়োজন।
You must be logged in to post a comment.