আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশকে সক্রিয় হওয়ার নির্দেশ প্রতিমন্ত্রীর

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬:৫৯ অপরাহ্ন

মাদক, জুয়া ও বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধ প্রতিরোধ এবং গ্রাম পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

শনিবার (২১ নভেম্বর) ময়মনসিংহের নান্দাইল উপজেলায় গ্রাম পুলিশদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা হয়।

প্রতিমন্ত্রী বলেন, গ্রাম পর্যায়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা তৈরিতে গ্রাম পুলিশদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক, জুয়া ও বাল্যবিবাহের মতো অপরাধ বন্ধে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে কার্যকর উদ্যোগ নিতে হবে।

তিনি আরও বলেন, অপরাধ ও অনিয়মের বিষয়ে সজাগ থাকতে হবে। কোনো ধরনের অপরাধের তথ্য পেলে তা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

এর আগে প্রতিমন্ত্রী নান্দাইল উপজেলার বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় এবং দলীয় কার্যক্রম আরও সুসংগঠিত করার বিষয়ে আলোচনা হয়।

এদিকে, গত শুক্রবার নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কালেঙ্গা বাজারের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় বাজারের পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ এবং বসার স্থান তৈরির কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন তিনি।

স্থানীয় উন্নয়ন কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ