পোরশায় এইচএসসিতে বড় ধরনের ফল বিপর্যয়: জিপিএ-৫ শূন্য, পাসের হার মাত্র ১৯.৫৭% ​

পোরশা (নওগাঁ)প্রতিনিধিঃ
রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৪:৫৯ অপরাহ্ন

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় নওগাঁর পোরশায় বড় ধরনের ফল বিপর্যয় ঘটেছে। এইচএসসিতে এ বছর উপজেলায় পাসের হার মাত্র ১৯.৫৭ শতাংশ, যেখানে রাজশাহী শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৪৫.০৬ শতাংশ। পুরো উপজেলায় সাধারণ শিক্ষা ধারায় কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।

​শনিবার আনুষ্ঠানিকভাবে প্রকাশিত ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া যায়। একই দিন উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের একাডেমিক সুপারভাইজার কনক চন্দ্র রায় তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুক) আইডিতে ফলাফলের এই সারসংক্ষেপ তুলে ধরেন।

​পরিসংখ্যান অনুযায়ী, এ বছর পোরশা উপজেলার ৪টি সাধারণ ডিগ্রি ও উচ্চ মাধ্যমিক কলেজ থেকে মোট ৩২২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেছেন মাত্র ৬৩ জন এবং অকৃতকার্য হয়েছেন ২৫৯ জন।

​উপজেলায় সবচেয়ে খারাপ ফলাফল করেছে গাঙ্গুরিয়া ডিগ্রি কলেজ। প্রতিষ্ঠানটি থেকে ১৮৩ জন পরীক্ষা দিয়ে পাস করেছেন মাত্র ২১ জন। এছাড়া পোরশা সরকারি ডিগ্রি কলেজ থেকে ৭৫ জনের মধ্যে ১৮ জন, নিতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ৩০ জনের মধ্যে ১১ জন এবং ঘাটনগর পাহাড়াপুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ৩৪ জন অংশ নিয়ে ১৩ জন পাস করেছেন।

​তবে সাধারণ কলেজের তুলনায় মাদ্রাসা ও ভোকেশনাল শিক্ষায় পাসের হার কিছুটা ভালো। উপজেলার ৫টি মাদ্রাসা থেকে ১০১ জন শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৫২ জন, যার পাসের হার ৫১.৪৯ শতাংশ।

​অন্যদিকে, ভোকেশনাল বিভাগে ৩টি কলেজ থেকে ১১৪ জন পরীক্ষা দিয়ে পাস করেছেন ৯০ জন। এ বিভাগে পাসের হার ৭৮.৯৫ শতাংশ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ