ফয়সাল হাবিব সানি, স্টাফ রিপোর্টার।।
গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের এক পুকুর থেকে ভাসমান অবস্থায় জয় বিশ্বাস নামের ৭ বছরের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচর্জ (ওসি) মনিরুল ইসলাম অন্যদৃষ্টি ডট কমকে জানান, গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে খেলতে বের হয়ে শিশু জয় আর ফিরে আসে না। এরপর সে আর ফিরে না আসায় এলাকার বিভিন্ন স্থানে খবরাখবর নিয়েও তার খোঁজ পাওয়া যায়নি৷ এমতাবস্থায় এ ঘটনায় ওই শিশুর পিতা গোপালগঞ্জ সদর থানায় একটি সাধারন ডায়েরি দাখিল করেন।
পরে গতকাল শনিবার (৩০ নভেম্বর) সকালে উক্ত গ্রামে তার বাড়ির পাশের একটি পুকুরের মধ্যে ওই শিশুর মৃতদেহ ভাসতে দেখেন এলাকাবাসী৷ ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তার মৃতদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠান৷
এলাকাবাসীর এবং পরিবারের আত্নীয়-স্বজনের ধারণা, শিশুটিকে হত্যা করার পর মৃতদেহ পুকুরে ফেলা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্টের পর প্রকৃত সত্য জানা যাবে বলে আশাবাদী পুলিশ। পূর্ব শত্রুতার জের ধরেও এমন ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ করছেন এলাকার লোকজন। উল্লেখ্য, ঘটনার পর গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোঃ ছানোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
You must be logged in to post a comment.