করোনাভাইরাসের কারণে সরকারি চাকরিতে সরাসরি নিয়োগে প্রার্থীদের জন্য আরেক দফায় বয়স ছাড় দিয়েছে সরকার। সরকারি চাকরি প্রার্থীদের বয়সে ছাড় দিয়ে আদেশ জারি করছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এ নিয়ে মোট ২১ মাস বয়সের ছাড় দেওয়া হলো। তবে, বিসিএসের জন্য এ ছাড় কার্যকর হবে না।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরকারি চাকরিতে সরকারি নিয়োগের প্রার্থীদের বয়স ছাড় দিয়ে আদেশ জারি করা হয়।
আদেশে বলা হয়, যেসব মন্ত্রণালয়, বিভাগ ও তার অধীন অধিদপ্তর, দপ্তর এবং সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত বা জাতীয়কৃত প্রতিষ্ঠান করোনার কোভিড-১৯ (করোনাভাইরাস) পরিস্থিতির কারণে বিভিন্ন শ্রেণির সরকারি চাকরিতে (বিসিএস ছাড়া) সরাসরি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি, সেসব প্রতিষ্ঠানকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে প্রার্থীদের বয়সসীমা ২০২০ খ্রিষ্টাব্দের ২৫ মার্চ নির্ধারণ করতে হবে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশনা দেওয়া হয় আদেশে।

বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর। করোনা মাহামারির প্রথম দফায় সাধারণ ছুটির কারণে ক্ষতিগ্রস্ত চাকরি প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ৫ মাস ছাড় দিয়েছিল সরকার।
গত ১২ আগস্ট জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের জানান, ২০২০ খ্রিষ্টাব্দের ২৫ মার্চে যাদের বয়স ৩০ বছরের মধ্যে ছিল, সরকারি চাকরিতে তাদের চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন সুযোগ দেওয়ার প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন, করোনাকালেও বিসিএসের নিয়মিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাই বিসিএসকে এই সুযোগের আওতামুক্ত রাখা হয়েছে।
You must be logged in to post a comment.