নবম জাতীয় পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষকরা-কর্মচারীদের কার বেতন কত বাড়ছে

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৩ অপরাহ্ন

নবম জাতীয় পে-স্কেল চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রী সভা। নতুন এ বেতন কাঠামোর আওতায় আসবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও। সরকারি চাকরিজীবীদের ন্যায় ১ জুলাই থেকেই তারা নতুন বেতন কাঠামোর আওতায় চলে আসবেন বলে সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

নতুন বেতন কাঠামোয় অন্তর্ভুক্ত হওয়ায় শিক্ষক-কর্মচারীদের মনে প্রশ্ন জেগেছে তাদের বেতন-ভাতা কেমন বৃদ্ধি পাবে সেটি নিয়ে। বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তার সাথে কথা বলা হয়েছে। তারা জানিয়েছে, সরকারি চাকরিজীবীদের বেসিক যেভাবে বৃদ্ধি পাবে, ঠিক একইভাবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের গ্রেড অনুযায়ী বেসিক বৃদ্ধি পাবে। তবে তাদের ভাতা সরকারি চাকরিজীবীদের ন্যায় বৃদ্ধি পাবে না। এমনকি টেলিফোন বিল পাওয়ার সম্ভাবনাও নেই।

জানা গেছে, নতুন বেতন কাঠামোয় শিক্ষক-কর্মচারীদের বেসিক তিন ধাপে বৃদ্ধি পাবে। প্রথম ধাপে গত ১ জুলাই থেকে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত ৩০ শতাংশ বৃদ্ধি পাবে। দ্বিতীয় ধাপে আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে আরও ৩৫ শতাংশ বেড়ে ৬৫ শতাংশ বৃদ্ধি পাবে। এরপর ওই বছরের ১ জুলাই থেকে শতভাগ বেসিক বৃদ্ধি পাবে বলে জানা গেছে।

মন্ত্রীপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, মন্ত্রী সভার সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে চতুর্থ গ্রেডের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষদের বেসিক ৫০ হাজার থেকে ৯১ হাজার ২০০ টাকা পর্যন্ত। এটি বেড়ে হবে ১ লাখ থেকে ১ লাখ ৪২ হাজার ৪০০ টাকা।

৬ষ্ঠ গ্রেডের সহকারী অধ্যাপকদের মূল বেতন ৩৫ হাজার ৫০০ থেকে ৬৭ হাজার ১০ টাকা পর্যন্ত। নতুন বেতন কাঠামোয় বেতন বেড়ে হবে ৭১ হাজার থেকে ১ লাখ ৩৪ হাজার টাকা।

৭ম গ্রেডের প্রধান শিক্ষকদের মূল বেতন ২৯ হাজার থেকে ৬৩ হাজার ৪১০ টাকা পর্যন্ত। যা বেড়ে হবে ৫৮ হাজার থেকে ১ লাখ ১২ হাজার ৮০০ টাকা।

৯ম গ্রেডে কর্মরত প্রভাষকদের মূল বেতন ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা পর্যন্ত। নতুন বেতন কাঠামোয় যা বেড়ে হবে ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা।

এমপিওভুক্ত শিক্ষকদের মধ্যে যাদের বিএড ডিগ্রি রয়েছে তারা ১০ম গ্রেডে বেতন পেয়ে থাকেন। ১০ম গ্রেডের বেসিক ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা পর্যন্ত। যা বেড়ে হবে ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা।

১১তম গ্রেডের সহকারী শিক্ষকদের মূল বেতন ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা পর্যন্ত। যা বেড়ে হবে ২৫ হাজার থেকে ৬০ হাজার ৫০০ টাকা।

১৬তম গ্রেডের জুনিয়র শিক্ষক, অফিস সহকারী বা হিসাব সহকারী কিংবা কম্পিউটার অপারেটরদের মূল বেতন ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা পর্যন্ত। যা বেড়ে হবে ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা।

১৮তম গ্রেডের ল্যাব সহকারীদে মূল বেতন ৮ হাজার ৮০০ থেকে ২১ হাজার ৩১০ টাকা পর্যন্ত। যা বেড়ে হবে ২১ হাজার থেকে ৫০ হাজার ৯০০ টাকা।

২০তম গ্রেডের অফিস সহায়ক, নৈশপ্রহরী, নিরাপত্তাকর্মী, পরিচ্ছন্নতাকর্মী ও আয়াদের মূল বেতন ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা পর্যন্ত। যা বেড়ে হবে ২০ হাজার থেকে ৪৮ হাজার ৮০০ টাকা পর্যন্ত।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ