অন্যদৃষ্টি অনলাইন।।
বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) সম্প্রসারিত লাইব্রেরি উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। একইসঙ্গে নতুনভাবে সাজানো এ লাইব্রেরিতে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’ও উদ্বোধন করেন তিনি।
সোমবার (৮ অক্টোবর) বিকেলে ব্যানবেইস ভবনে এ উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে নুরুল ইসলাম নাহিদ বলেন, “ব্যানবেইস শিক্ষা পরিবারের অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনে এ প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ব্যানবেইস লাইব্রেরিতে শিক্ষা বিষয়ক বিভিন্ন প্রকাশনা ও ক্লিপিংস রয়েছে। যা গবেষকদেরও কাজে লাগবে। ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’ থেকে আমাদের গৌরবময় ইতিহাস সম্পর্কে পাঠকরা জানতে পারবেন।”
তিনি বলেন, “শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কিত সব তথ্য অনলাইন ব্যবস্থাপনার আওতায় আনা হচ্ছে। শিক্ষাতথ্য ব্যবস্থাপনায় ‘ইন্টিগ্রেটেড এডুকেশন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম’ নামে নতুন একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ প্রকল্পের আওতায় প্রতিটি শিক্ষার্থীর জন্য আলাদা আইডি নম্বর থাকবে।”
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যানবেইসের মহাপরিচালক মো. ফসিউল্লাহ্ অনুষ্ঠানে বক্তৃতা করেন। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.