প্রিমিয়াম হচ্ছে ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৩ জুন, ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

ব্যবহারকারীদের জন্য নতুন প্রিমিয়াম অভিজ্ঞতা দিতে ‘মেটা ওয়ান’ নামে নতুন সাবস্ক্রিপশন প্ল্যান চালুর উদ্যোগ নিয়েছে প্রযুক্তি জায়ান্ট মেটা।

নতুন এই সেবার আওতায় ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং মেটা এআইতে একাধিক বিশেষ সুবিধা যুক্ত করা হবে। ইতোমধ্যে বিভিন্ন দেশে ফিচারগুলোর পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে।

মেটার প্রোডাক্ট প্রধান নাওমি গ্লিয়েট জানিয়েছেন, আয়ের নতুন উৎস তৈরি করার পাশাপাশি কনটেন্ট নির্মাতা, সাধারণ ব্যবহারকারী এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য উন্নত সেবা নিশ্চিত করতেই ‘মেটা ওয়ান’ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

মেটা জানিয়েছে, ভবিষ্যতে বিভিন্ন ধরনের সাবস্ক্রিপশন সেবা এক ছাতার নিচে এনে ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী নতুন প্রযুক্তিগত সুবিধা দেওয়া হবে।

সাধারণ ব্যবহারকারীদের জন্য ‘প্লাস’ প্ল্যান

বর্তমান ভেরিফায়েড বা ব্লু টিক সেবার বাইরে পাওয়ার ইউজারদের জন্য আলাদা ‘প্লাস’ প্ল্যান চালু করা হচ্ছে।

ইনস্টাগ্রাম প্লাস ব্যবহারকারীরা জানতে পারবেন কে বা কতবার তাদের স্টোরি দেখেছেন। পাশাপাশি ২৪ ঘণ্টার বেশি সময় স্টোরি সংরক্ষণ, অন্যকে না জানিয়ে স্টোরি প্রিভিউ দেখা, অ্যানিমেটেড ‘সুপার হার্ট’ রিঅ্যাকশন এবং প্রতি সপ্তাহে একটি স্টোরি বুস্ট করার সুবিধা পাবেন।

ফেসবুক প্লাসে স্টোরি ইনসাইটসহ অতিরিক্ত সামাজিক যোগাযোগভিত্তিক কিছু ফিচার যুক্ত করা হবে।

অন্যদিকে হোয়াটসঅ্যাপ প্লাসে অ্যাপের থিম পরিবর্তন, কাস্টম রিংটোন ব্যবহার এবং অতিরিক্ত চ্যাট পিন করার সুবিধা থাকবে।

আসছে মেটা এআইয়ের প্রিমিয়াম সংস্করণ

মেটা এআইয়ের সাধারণ সংস্করণ আগের মতোই বিনামূল্যে ব্যবহার করা যাবে। তবে জটিল ও উচ্চক্ষমতাসম্পন্ন এআই সুবিধার জন্য দুটি নতুন পেইড প্ল্যান চালুর পরীক্ষা শুরু হচ্ছে।

‘মেটা ওয়ান প্লাস’ ব্যবহারকারীদের জন্য সাধারণ প্রিমিয়াম এআই ফিচার উন্মুক্ত করবে। আর ‘মেটা ওয়ান প্রিমিয়াম’-এ থাকবে উন্নত ‘থিংকিং মোড’, যা আরও গভীর বিশ্লেষণ, যুক্তি উপস্থাপন এবং উন্নতমানের ছবি ও ভিডিও তৈরির সুযোগ দেবে।

আগামী মাস থেকে সিঙ্গাপুর, গুয়াতেমালা ও বলিভিয়ায় এসব সেবার পরীক্ষামূলক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

কনটেন্ট নির্মাতা ও ব্যবসার জন্য বিশেষ সুবিধা

বাংলাদেশ, সৌদি আরব, মরক্কো ও থাইল্যান্ডে কনটেন্ট নির্মাতা ও ব্যবসায়িক পেজগুলোর জন্য দুটি নতুন প্ল্যানের ট্রায়াল চালু হচ্ছে।

‘মেটা ওয়ান এসেনশিয়াল’ প্ল্যানে থাকবে ভেরিফায়েড ব্যাজ, ভুয়া অ্যাকাউন্ট প্রতিরোধে অতিরিক্ত নিরাপত্তা এবং একাধিক লিংক একসঙ্গে সাজিয়ে প্রদর্শনের সুবিধা।

অন্যদিকে ‘মেটা ওয়ান অ্যাডভান্সড’ প্ল্যান ব্যবসা প্রতিষ্ঠানগুলোর প্রচারণা ও গ্রাহক পৌঁছানোর সক্ষমতা বাড়াবে। এর আওতায় ফেসবুক ফিড ও সার্চ ফলাফলে অগ্রাধিকার, রিলসে বিশেষ ফলো বাটন, ওয়েবসাইটে সরাসরি ট্রাফিক পাঠানোর সুবিধা, প্রতিদ্বন্দ্বী পেজ বিশ্লেষণ, উন্নত শিডিউলিং টুল এবং কনটেন্ট পুনঃব্যবহারের নোটিফিকেশন যুক্ত করা হবে।

সূত্র: টেকক্রাঞ্চ

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ