৪৭ বছরেও পাবনার ১১ শহীদ পরিবার রাষ্ট্রীয় সম্মাননা পায়নি

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮, ৮:১০ অপরাহ্ন
নিহতরা হলেন-কফেজ উদ্দিন শেখ, মাহাম শেখ, আজগর আলী শেখ, কুটু খাঁ, কুরান শেখ, কামার মালিথা, গুলাই শেখ, আমোদ আলী মোল্লা, তাছের ব্যাপারি, নদু সরদার, হোসেন মন্ডল....

পাবনা প্রতিনিধি ।।

স্বাধীনতার ৪৭ বছরেও পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর আশুতোষপুর গ্রামে মুক্তিযুদ্ধ চলাকালীন নির্মম হত্যার শিকার ১১ শহীদের পরিবার আজো সরকারি কোনো সুযোগ সুবিধার আওতায় আসেনি। এমনকি তাদের খোঁজখবর নেয়নি কেউ। বঞ্চিত হয়েছে রাষ্ট্রীয় সম্মাননা থেকে। নিহতদের পরিবারের অনেকেই বর্তমানে মানুষের বাড়িতে ঝিঁয়ের ও ইটভাটায় কাজ করে জীবিকা নির্বাহ করছেন।

জানা গেছে, ১৩৭৯ বঙ্গাব্দের (১৯৭১ সাল) ৭ আশ্বিন মাঝনদীতে নিয়ে এই ১১ জনকে এক সাথে গুলি করে মেরে ফেলে পাকিস্তানী বাহিনী ও তাদের এদেশীয় দোসররা। এদের অপরাধ ছিল তাদের বাড়িতে মুক্তিযুদ্ধের ক্যাম্প করা।

ঐ এলাকায় সরেজমিনে গেলে এলাকার মুক্তিযোদ্ধা মকসেদ ও শহীদ পরিবারের সদস্য জানান, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আমাদের বাড়িতে মুক্তিযোদ্ধাদের নিয়ে ক্যাম্প করা হয়। এ নিয়ে এলাকার রাজাকার বাহিনীরা পাকবাহিনীদের নিকট খবর দেয় যে মাহাম শেখের বাড়িতে মুক্তিযোদ্দাদের ক্যাম্প করা হয়েছে।

ঘটনার দিন আশুতোষপুর গ্রাম হতে সকাল ১১টায় ১৩ জন নৌকাযোগে পাবনা শহরতলীর পাশে হাজির হাটে যায়। এই সময় মুক্তিযোদ্ধারা শান্তি কমিটির চেয়ারম্যান আলী আকন্দকে পাবনা হাজির হাট এলাকায় হত্যা করার জন্য অভিযান চালায় এবং বন্দুকের গুলি বের না হওয়া মুক্তিযোদ্ধারা এদিক সেদিক চলে যায়। পরে রাজাকার বাহিনী প্রতিশোধ নেয়ার জন্য মুক্তিযোদ্ধাদের এদিক সেদিক খোঁজাখুঁজি শুরু করে দেয়।

পরে রাজাকারদের সাথে নিয়ে পাকসেনারা নদীর দিকে যায়।

এদিকে হাটের কাজকর্ম শেষ করে ঐ ১১ জন বিকেল ৩টার দিকে বাড়ি ফেরার জন্য নৌকায় ওঠে। এই সময় রাজাকাররা ঐ ১১ জনকে পাক বাহিনীকে দেখিয়ে দিলে তাদেরকে আটক করে। ঐদিনই পাক হানাদারেরা রাত ১২টার দিকে তাদের গুলি করে মেরে ফেলে এবং হাজির হাটের দক্ষিণে (যেটাকে নদীর কোল বলা হয়) মাঝনদীতে নিয়ে ফেলে দেয়। এই সময় তাদের সাথে থা ২ শিশুকে ছেড়ে দেয় পাক বাহিনী।

পরদিন সকালে এলাকার লোকজন ১১ জনের মরদেহ উদ্ধার করে পারিবারিক কবরস্থানে দাফন করে। নিহতরা হলেন-কফেজ উদ্দিন শেখ, মাহাম শেখ, আজগর আলী শেখ, কুটু খাঁ, কুরান শেখ, কামার মালিথা, গুলাই শেখ, আমোদ আলী মোল্লা, তাছের ব্যাপারি, নদু সরদার, হোসেন মন্ডল।

শহীদদের মধ্যে হোসেন মন্ডলের স্ত্রী খোদেজা খাতুন পার্শ্ববর্তী টভাটায় কাজ করছেন। কালাম মালিথার স্ত্রী সাইমুন নেছার পেটে টিউমার হয়ে গতবছর চিকিৎসার অভাবে মারা গেছেন ।

শহীদ গুলাই ব্যাপারির মেয়ে জাহানারা আক্তার কান্নাজড়িত কন্ঠে সাংবাদিকদের বলেন, আমার বাবা হানাদার বাহিনীর হাতে নিহত হওয়ার পর থেকে আমরা মানবেতর জীবন যাপন করছি। দেশের বর্তমান সরকার মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের যখন ব্যাপক সুযোগসুবিধা প্রদান করছেন। সেখানে আমরা আজ পর্যন্ত কোনো সরকারি সহযোগিতা পাওয়া তো দূরের কথা, আমাদের খোঁজ খবর পর্যন্ত কেউ নেয়নি।

শহীদ কফেজের নাতি নবাব আলী ও অপর একজন শহীদের ছেলে মোহাম্মদ আলী বলেন, দেশের অনেক মুক্তিযোদ্ধার প্রজন্ম মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি পেলেও আমাদের পরিবারে অনেক শিক্ষিত ছেলে মেয়ে থাকার পরও আমরা তা পাইনি। এমনকি আমাদের পরিবারের খোঁজ খবরও কেউ নেয়নি।
এ সকল শহীদদের ব্যাপারে খোঁজ খবর নিয়ে তাদের পরিবারের সদস্যদের দুঃখ দুর্দশা লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী ।

এ বিষয়ে জানতে চাইলে সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ পাবনা শাখার সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন বলেন, যারা প্রকৃত মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন তাদের পরিবারের খোঁজখবর নেয়া প্রয়োজন। আগামীতে যদি মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার ক্ষমতায় আসে তাহলে এদের খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ