২১ দফা বাস্তবায়িত হলে আওয়ামীলীগকে সরাতে পারবে না : খাদ্যমন্ত্রী

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী, ২০১৯, ১১:৪২ অপরাহ্ন
নওগাঁর মহাদেবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এক সম্বর্ধনা সভায় প্রধান অতিথি খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি....

আর, আর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি ।।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের পূর্বে ২১ দফা যে ইশতেহার ঘোষণা করেছেন তা বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের ইশতেহার। ঘোষিত ইশতেহার অনুযায়ী কাজ করলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা কেবলমাত্র সময়ের দাবিমাত্র। বিগত ১০ বছরে উন্নয়নের মাপকাঠিতে বাংলাদেশ অনেক দুর এগিয়ে গেছে। আর এই আগামী ৫ বছর উন্নয়নের ২১ দফা বাস্তবায়িত হলে ৪০ বছর আওয়ামীলীগকে ক্ষমতা হতে কোনো শক্তি সরাতে পারবে না। কারণ মানুষ উন্নয়ন চায়। উন্নয়নের সাধ পেয়েছেন বলেই বিগত ৩০শে ডিসম্বরের নির্বাচনে নৌকার পক্ষে গণরায় দিয়েছেন।’

খাদ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের উন্নয়ন হয়নি আগামীতেও হবে না। দেশের উন্নয়ন চাইলে আওয়ামীলীগ ও শেখ হাসিনার কোনো বিকল্প নাই। সেই কারণে আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ে যাঁরা নেতৃত্ব দিচ্ছেন তাঁদের তৃণমূলের সকল কর্মীদের ভালোবাসা দিয়ে সংগঠিত করে এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সরকারকে সহযোগিতা করতে হবে। যেহেতু জনগণ শেখ হাসিনার প্রতি এবং ইশতেহারের উপর আস্থা রেখে আওয়ামীলীগকে ম্যান্ডেট দিয়েছে সেই আস্থার মূল্যায়ন করতে হবে নেতাকর্মীদের।’

তিনি আরো বলেন, ‘অনেক বড় বিজয়, অনেক বড় আবেগ। আর এই আবেগকে সামলাতে না পারলে অনেক বড় বিপর্যয়ও নেমে আসতে পারে। ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আপময় জনগণ অস্ত্র হাতে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশকে স্বাধীন করেছিলেন। বর্তমানে তাঁরই সুযোগ্য কন্যা দেশ পরিচালনা করছেন। তাঁকে সার্বিক সহযোগিতা দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।’

তিনি বৃহস্পতিবার ১৭ জানুয়ারী’১৯ সকাল ১১টায় জেলার মহাদেবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত এক সম্বর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

মহাদেবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওগাঁ-৩ আসনের এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিমের সভাপতিত্বে আয়োজিত সম্বর্ধনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোবারক হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল হোসেন, জেলা পরিষদের সদস্য ময়নুল ইসলাম ময়েন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আহসান হাবিব ভোদন, মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান ধলু, রাইগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম, এনায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান মিয়া, খাজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল উদ্দিন, চান্দাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদান নবী রিপন, চেরাগপুর ইউনিয়ন পরিষদের চেয়রম্যান শিবনাথ মিশ্রসহ উপজেলা আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন।

এর আগে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার মহাদেবপুর উপজেলা খাদ্য গুদাম পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, বর্তমানে দেশে পর্যাপ্ত খাদ্য মওজুদ রয়েছে। আপাতত দেশে বিদেশ হতে খাদ্য আমদানীর কোনো প্রয়োজন নাই। খাদ্য শষ্যের বিশেষ করে চালের মূল্য বর্তমানে স্থিতিশীল রয়েছে। এখন ভিজিডি, ভিজিএফ ইত্যাদি ক্ষেত্রে উন্নতমানের চাল সরবরাহ করা হচ্ছে।

পরে তিনি সাপাহার উপজেলা খাদ্য গুদাম পরিদর্শন এবং সাপাহার উপজেলা আওয়ামীলীগ আয়োজিত এক সম্বর্ধনা সভাসহ স্থানীয় বিভিন্ন কর্মসূচিতে যোগ দেন।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ