শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার সখিপরে অটো-রিকশার চাপায় হুমায়রা আক্তার ৭ নামে এক মাদরাসার শিশু ছাত্রীর মৃত্যু হয়েছে।
শনিবার ৯ নভেম্বর বেলা ১১টায় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের মতি খার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।নিহত হুমায়রা মতি খার কান্দি গ্রামের সৌদি প্রবাসী ফারুক কাজীর মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় হুমায়রা স্থানীয় কাজী বাড়ি সাইফিয়া হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী ছিল। শনিবার মাদরাসা ছুটি শেষে প্রতিদিনের মতো বাড়ি ফিরছিল হুমায়রা। বাড়ির একেবারে কাছাকাছি পৌঁছানোর পরে একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এরপর স্থানীয় ও স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় হুমায়রার বাড়িতে নেমেছে শোকের মাতম। নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেওয়া অটোরিকশা চালকের বিচার দাবি করেছেন হুমায়রার পরিবার।
হুমায়রার মামা মামুন মিয়া বলেন, এর আগেও একই স্থানে আরও দুর্ঘটনা ঘটেছে। সড়কটি দুর্ঘটনা প্রবণ হওয়ায় এখান দিয়ে চালকদের সতর্কতার সঙ্গে গাড়ি চালানো উচিত। কিন্তু সতর্ক হয়ে গাড়ি চালায় না বলেই এমন দুর্ঘটনা ঘটে। আমরা হুমায়রা হত্যার বিচার দাবি করছি।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের মোল্লা কান্দি গ্রামে সড়ক দুর্ঘটনায় এক মাদরাসার শিক্ষার্থী নিহত হওয়ার খবর পেয়েছি।
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেননি অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
You must be logged in to post a comment.