আর,আর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি ।।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, ‘বর্তমানে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এখন আমরা পুষ্টি ও নিরাপদ খাদ্যের জন্য ব্যবস্থা নিচ্ছি। এই মন্ত্রণালয়ের উন্নয়নমূলক পরিকল্পনা আছে। আমরা সকল উপজেলা এলএসডিগুলোতে আমরা ডিজিটিলাইজড করে আমরা মন্ত্রণালয় হতে কন্ট্রোল করতে চাই। এখান হতে কোড নম্বর টিপলে সব এলএসডির পজিশন দেখতে যেনো পাই। তাছাড়া দেশে খাদ্যে এখন কোনো সমস্যা হবে না।’
মন্ত্রী বলেন, ‘ইতিমধ্যেই আমন সংগ্রহ ৭ লাখ মেট্রিক টন হয়েছে। বাজার এখন স্থিতিশীল আছে। আমি মনে করি খাদ্যে কোনো অসুবিধা তো হবেই না। নিরাপদ খদ্যের জন্য ভেজাল খাদ্য পরিহার করার জন্য সবাইকে সচেতন হতে হবে। নিজেরা যদি সচেতন না হই, তাহলে সরকার বা আইন দিয়ে সমস্যা সমাধান করা যাবে না। এক্ষেত্রে মিডিয়ারও দায়িত্ব আছে সচেতন করার জন্য। আমাদের প্রত্যেকের বাড়িতে সচেতন হওয়ার আহ্বান জানাই।’
তিনি ১৫ই ফেব্রুয়ারী’১৯ শুক্রবার সকালে নওগাঁ স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বেলকন-বঙ্গবন্ধু গোল্ডকাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন, বেলকোন গ্রুপের স্বত্ত্বাধিকারী আলহাজ্ব বেলাল হোসেন, টুর্নামেন্টের আহবায়ক ও চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, চেম্বারের সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান টুনুসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ক্রীড়া সংগঠকসহ ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী অন্যান্য অতিথিদের সাথে বসে উদ্বোধনী খেলা উপভোগ করেন। উদ্বোধনী খেলায় সিরাজগঞ্জ-নওগাঁ দল অংশ নেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত খেলা চলছিল।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.