স্টাফ রিপোর্টার।।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮-এর কতিপয় বিধান সংশোধন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। সংশোধিত নীতিমালায় স্নাতক (পাস) কলেজের উপাধ্যক্ষ পদে নিয়োগে প্রভাষকদের বাধা কাটলো।
গত ১২ জুন জারি করা নীতিমালায় উপাধ্যক্ষ পদে নিয়োগের জন্য উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যাপক বা সহকারী অধ্যাপক পদে ৩ বছরের অভিজ্ঞতার প্রয়োজন হতো। তবে সংশোধনীর মাধ্যমে সহকারী অধ্যাপক বা প্রভাষক যেকোন পদে ১২ বছরের অভিজ্ঞতা থাকলেই তিনি এখন যোগ্য বিবেচিত হবেন।
প্রসঙ্গত, সংশোধনীতে শুধুমাত্র স্নাতক (পাস) কলেজের উপাধ্যক্ষ পদের ক্ষেত্রেই এই পরিবর্তন আনা হয়েছে। এছাড়া স্নাতক (পাস) কলেজের অধ্যক্ষ নিয়োগে পূর্বের মতই উপাধ্যক্ষ বা উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ হিসাবে ৩ বছরের অভিজ্ঞতাসহ ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা বিষয়টি এখনো কার্যকর রয়েছে। একই সাথে উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ পদে নিয়োগের জন্য উপাধ্যক্ষ পদে ৩ বছরের অভিজ্ঞতাসহ ১২ বছরের অভিজ্ঞতা এবং উপাধ্যক্ষ পদে নিয়োগের জন্য সহকারী অধ্যাপক পদে ৩ বছরের অভিজ্ঞতাসহ ১২ বছরের অভিজ্ঞতার বিষয়টিও পূর্বের মতই বহাল রয়েছে।
অন্যদিকে কলেজ শিক্ষকদের আজীবনের দাবি, তাদের ভাষায় কালো আইন নামে পরিচিত সহকারী অধ্যাপক পদে পদোন্নতির ক্ষেত্রে অনুপাত প্রথা যথা নিয়মে একইভাবে (৫:২) বলবৎ রয়েছে। এ বিষয়ে নতুন কোন নির্দেশনা এখনো পাওয়া যায় নাই। যার কারণে নতুনভাবে শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে ৩৫ বছরের বিধি বহাল আছে।
এদিকে মাদ্রাসার জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন জনবল কাঠামো নীতিমালায় সংশোধনীর দাবিতে সংবাদ সম্মেলন করবেন কাল সোমবার। এছাড়াও কারিগরি শিক্ষকরাও বিএম শাখার বিষয়ে সংবাদ সম্মেলন করার চিন্তা করছেন।
You must be logged in to post a comment.