বাদশা আলম,শেরপুর বগুড়া ।।
বগুড়া শেরপুরের শালফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬টি শ্রেণিতে নিয়মিত শিক্ষার্থী রয়েছে শতাধিক আর শিক্ষক রয়েছেন মাত্র দুই জন । এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক পাঠদান। সরেজমিনে গিয়ে জানা যায়, বিদ্যালয়টিতে পাঁচ জন শিক্ষক থাকার কথা থাকলেও, বর্তমানে রয়েছে মাত্র দুই জন শিক্ষক। যার কারনে ভেঙ্গে পড়েছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম।
গত সমাপনী পরীক্ষার আগে প্রধান শিক্ষক বদলী হয়ে অন্যত্র চলে যায়। এর এক মাস আগে রওশনারা আরা হক ও ববি বনিক এই দুই সহকারী শিক্ষক মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ায় দিল আফরোজা বানু ও মোছাঃ রাবেয়া খাতুন এই দুই শিক্ষিকা ছয়টি শ্রেণির (শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি) শতাধিক শিক্ষার্থীকে পাঠ দান নিয়ে চরম বিপাকে পড়েছেন। অন্যদিকে একজন শিক্ষককে প্রায়ই অফিসের কাজে উপজেলা শিক্ষা অফিসে যেতে হয়। এতে করে পাঠদান ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।
এ অবস্থার প্রেক্ষিতে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে একজন খ-কালীন শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। যাকে সম্মানী প্রদান করতে হবে শিক্ষকদের নিজ তহবিল থেকে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নজরুল ইসলাম জানান, উপজেলা শিক্ষা অফিসারের নিকট একাধিকবার এই সমস্যার কথা জানান হয়েছে, কিন্তু কোন সমাধান হয়নি এখনো। একাধীক শিক্ষার্থীর অভিভাবকের সাথে কথা বলে জানা যায়, এভাবে চলতে থাকলে শিক্ষার্থীরা পড়ালেখা থেকে পিছিয়ে পড়বে। তাই দ্রুত এই বিদ্যালয়ে অন্তত আরো দুজন শিক্ষক প্রয়োজন। অন্যদিকে বিদ্যালয়টি বাজার এলাকা এবং ব্যস্ত সড়কের পাশে হওয়ায়, ছোট ছোট বাচ্চারা ক্লাসে শিক্ষক না থাকায় প্রায়ই শ্রেণি কক্ষের বাইরে দৌড়াদৌড়ি করে। ফলে যে কোন সময় ঘটে যেতে পারে বড় ধরনের দূর্ঘটনা।
উপজেলা শিক্ষা অফিসার মিনা পারভিন জানান, বিষয়টি আমাদের জানা রয়েছে। নতুন শিক্ষক নিয়োগ না হওয়া পর্যন্ত আমরা স্থায়ীভাবে কোন সমাধান দিতে পারব না। তবে সমস্যা সমাধানের জন্য অন্য শিক্ষক দেওয়ার চেষ্টা করছি।
You must be logged in to post a comment.