শেরপুর (বগুড়া) প্রতিনিধি ।।
বগুড়া শেরপুরে রামনগর গ্রামের অষ্টম শ্রেণির এক ছাত্রী গত সোমবার রাতে ৯৯৯ এ কল করে নিজের বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে।
জানা যায়, উপজেলার গাড়িদহ মডেল ইউনিয়নের রামনগর গ্রামের মো. জেলহক হোসেনের মেয়ে কালশিমাটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীকে গত শুক্রবারে বর পক্ষের লোকজন পারিবারিকভাবে বিয়ের জন্য দেখতে আসে। এক পর্যায়ে দুই পক্ষের সম্মতিতে বিয়ের দিন ক্ষণ ঠিক হয়। বিয়েতে কনের সম্মতি না থাকায় এবং বাল্য বিয়ের করালগ্রাস থেকে নিজেকে রক্ষা করতে গত সোমবার সন্ধ্যায় বাড়ির লোকজনের অগোচরে ওই স্কুল ছাত্রী ৯৯৯ এ কল করে। এরপর ৯৯৯ থেকে শেরপুর থানাকে অবগত করলে থানা পুলিশের এএসআই রফিকুল ইসলাম রফিক সঙ্গীয় ফোর্স নিয়ে তাৎক্ষণিকভাবে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেয়।
এ প্রসংগে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে ছাত্রীর বাড়ির লোকজন পালিয়ে যায়। পরে প্রতিবেশি ও বাড়ির কয়েকজন মহিলাদের ডেকে ঘটনাস্থলে যাওয়া পুলিশের কর্মকর্তা এই বাল্য বিয়ে বন্ধ করে দেন।
You must be logged in to post a comment.