রাবি প্রতিনিধি ।।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক শিক্ষার্থীকে মারধর করে ১০ হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে তিন ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এ সময় ভুক্তভোগী ঐ শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী ও ছাত্রদল কর্মী আখ্যা দেয়ার অভিযোগও পাওয়া গেছে।
গত ৪ঠা ফেব্রুয়ারী’১৯ সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলে এ ঘটনা ঘটে। তবে ৭ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে বিষয়টি জানাজানি হয়।
ভুক্তভোগী শিক্ষার্থীর নাম ইমরান হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। আর অভিযুক্তরা হলেন রাবি শাখা ছাত্রলীগের সহসভাপতি সুরঞ্জিত প্রসাদ বৃত্ত, সহসম্পাদক আরমান কায়সার আবির, সফি ও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আল ওয়াসী জীম।
ভুক্তভোগী শিক্ষার্থী অন্যদৃষ্টি প্রতিনিধিকে জানিয়েছেন, গত সোমবার সন্ধ্যায় আবির, জীম ও সফি ইমরানকে বৃত্তের সাথে দেখা করতে ডেকে নিয়ে আসে। এরপর তাকে মাদক ব্যবসায়ী ও ছাত্রদল কর্মী আখ্যা দিয়ে ২০ হাজার টাকা দাবি করে ছাত্রলীগের সহসভাপতি বৃত্ত। টাকা না দিলে তাকে মারধর ও পুলিশে দেওয়া হবে বলে হুমকি দেয়া হয়।
পরে সেখান থেকে ইমরান চলে আসার পর ছাত্রলীগের সহসম্পাদক সফি, আবির ও জীম, সহসভাপতি বৃত্তকে টাকা দেয়ার জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে।
একপর্যায়ে সে ২ হাজার টাকা বিকাশ করে পাঠায়। বাকি টাকা দিতে না পারায় সহসভাপতি বৃত্ত তাকে মারধর করেন। পরে ইমরান তার কয়েকজন বন্ধুর কাছ থেকে ধার নিয়ে ১০ হাজার টাকা বৃত্তের হাতে তুলে দেয়।
তবে অভিযুক্তরা এ অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি-ইমরানের সঙ্গে তার এক বন্ধুর ঝামেলা হয়েছিল। সেই ঝামেলা মীমাংসা করার জন্য ইমরানকে ডেকে কথা বলা হয়েছে কিন্তু মারধর ও চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি।
জানতে চাইলে রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। যদি চাঁদাবাজির কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সবার সঙ্গে কথা বলে আমি বিষয়টি সমাধান করে দেবো।’
এর গত ৯ নভেম্বর সহসম্পাদক সফি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এক শিক্ষার্থীকে শিবির আখ্যা দিয়ে ২০ হাজার টাকা চাঁদাবাজি করেছিল। পরে এ ঘটনা কাউকে বললে তাকে দেখে নেয়ার হুমকি দেন।
এছাড়া কক্ষে ইন্টারনেট সংযোগকে কেন্দ্র করে ঐ হলের জীবন নামে এক শিক্ষার্থীর কক্ষ ভাঙচুর, ল্যাপটপ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার অভিযোগ রয়েছে আরমান কায়সার আবিরের বিরুদ্ধে।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.