রাবিতে ইন্টারনেট সংযোগকে কেন্দ্র করে ভাংচুর

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৮, ৭:২১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার।।

ইন্টারনেট সংযোগ নেওয়াকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের(রাবি) এক শিক্ষার্থীর কক্ষ ভাঙচুর করেছে বলে ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলের ৪১৫ নম্বর কক্ষে ভাঙচুরের ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মো. জীবন জোয়ারদার। সে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও হলের ৪১৫ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী। অপরদিকে, অভিযোগ ওঠা আরমান কায়সার আবির বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক। তিনি আইন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর  অনুসারী।

হলের আবাসিক শিক্ষার্থীরা জানান, কয়েকদিন আগে নিচতলায় ইন্টারনেটের রাউটার থেকে জীবন তার কক্ষে সরাসরি ওয়াই-ফাই নেন। কেন সংযোগ নেওয়া হয়েছে জানতে আবির শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে জীবনকে তার কক্ষে ডাকে। এ সময় জীবনের সঙ্গে আবিরের কথা কাটাকাটি  হয়। এর কিছুক্ষণ পর আবির দশ-পনেরোজনকে সঙ্গে নিয়ে জীবনের কক্ষে গিয়ে লাইট, ফ্যানসহ যাবতীয় আসবাবপত্র ভাঙচুর করে।

ভুক্তভোগী জীবন বলেন, ‘দীর্ঘদিন থেকে আমাদের  ইন্টারনেট সুবিধা নেই। হল কর্তৃপক্ষকে জানিয়েও কোন লাভ হয়নি। তাই আমি রাউটার থেকে সরাসরি ওয়াই-ফাই সংযোগ নিয়েছি।। আমার মতো আরেকজনও এভাবে সংযোগ নিয়েছে। অথচ তাকে কিছু বলা হয়নি।’

জীবন অভিযোগ করেন, ঘটনার পর থেকে তিনি কক্ষে থাকা মোবাইল, ল্যাপটপ ও মানিব্যাগ পাচ্ছেন না। এ বিষয়ে হল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেবেন বলেও জানান তিনি।
তবে ভাঙচুরের বিষয়টি অস্বীকার করেন আবির। তিনি বলেন, ‘ইন্টারনেট সংযোগের বিষয়ে জীবনের সঙ্গে আমার কথা কাটাকাটি হয়েছিলো। পরে আমিসহ  কয়েকজন বিষয়টি মীমাংসার জন্য তার কাছে গিয়েছিলাম। তাকে কক্ষে না পেয়ে  আমি ফিরে আসি। কারা কক্ষ ভাঙচুর করেছে জানি  না।

এ বিষয়ে জানতে চেয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর সঙ্গে একাধিকবার  মুঠোফোনে যোগাযোগের  চেষ্টা করেও পাওয়া যায়নি।

জানতে চাইলে হল প্রাধ্যক্ষ অধ্যাপক এম আনিসুর রহমান বলেন, ‘একজন শিক্ষার্থী আরেকজন শিক্ষার্থীর কক্ষ ভাঙচুর করবে সেটা কোনভাবেই কাম্য নয়। আগামীকাল হলের নতুন প্রাধ্যক্ষ যোগদান করবেন। আমি হলের দায়িত্বে থাকা অন্যান্য শিক্ষকদের নিয়ে নতুন প্রাধ্যক্ষের সঙ্গে এ বিষয়ে কথা বলে ব্যবস্থা নেবো।’

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ