মৃন্ময়ী মৃম'র কবিতা পরিণীতা
পরিণীতা
মৃন্ময়ী মৃম
——————————————————————————
আসো, দুজনে দুজনের মুখোমুখি হতে বসি পাশাপাশি,
অনুভবে খুঁজে নেবো মনের না বলা কথামালা
হৃদয়ের অতলে ভেসে রবো কাছাকাছি ।
তুমুল ঝগড়া বাঁধবে ,রাগ হবে
অভিমান জমা হবে মেঘের মতো–
তবুও কিছু কিছু কথা না বলাই ভালো
কিছু কিছু বেদনা লুকিয়ে রাখাই আলো।
কোনও কোনও প্রেম রয়ে যাওয়াই সঠিক;
কিছু কিছু প্রেম না হওয়া ই উচিত
যে ঘরে চাঁদের আলো ঢোকে না সে ঘরে
জোছনা স্নানের স্বপ্ন দেখাই অনুচিত।
কুয়াশায় পথ হেঁটে হেঁটে যে ভোর দেখে
সে নিবিড় উষ্ণতায় চুমু খায় রোদ মেখে।
তোমার করতলে গচ্ছিত আমার যে প্রেম
মুঠো করে রাখো—
একদিন ঠিক পরিণত হবে দেখো,
আঙুলে আঙুল ছুঁয়ে সেদিনও হাঁটবে মন
জানো কি তুমি ভালোবাসতে লাগে না কোন দিনক্ষণ?
You must be logged in to post a comment.