মালয়েশিয়ার জোহুর বারুতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বেলাল হোসেন (৩০) নামের এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন।
রোববার (১৭ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে মালয়েশিয়ার জোহুর বাহরুর শহরের সুলতানাহ আমিনাহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বেলাল হোসেন ।
নিহত বেলাল হোসেন শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের মদন তালুকদার কান্দি গ্রামের আলাউদ্দিন মোড়লের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের সচ্ছলতা ফেরাতে ১০ বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমান বেলাল হোসেন । তিনি সেখানে গিয়ে জোহুর বারু শহরে টাইলস মিস্ত্রির কাজ করতেন। সর্বশেষ তিন বছর আগে ছুটিতে বাড়ি এসেছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো ব্যক্তিগত মোটরসাইকেলে করে কাজে যাচ্ছিলেন। মোটরসাইকেলযোগে সড়ক অতিক্রম করার সময় তার মোটরসাইকেলটি বামপাশ থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সুলতানাহ আমিনাহ হাসপাতালে ভর্তি করা হলে রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে মারা যান। এদিকে এই খবর পরিবারের কাছে পৌঁছালে এলাকাজুড়ে শোকের মাতম শুরু হয়।
বেলাল মোড়লের ভাই রহমান মোড়ল বলেন, আমার ভাই ভীষণ পরিশ্রমী ছিল। এবার দেশে এলে ওকে বিয়ে করানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। শেষবারের মতো ভাইয়ের মুখটা দেখতে চাই।
এ ব্যপারে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায় বলেন, মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী মৃত্যুর ব্যাপারে আমার জানা নেই। তবে পরিবারের পক্ষ থেকে আমাদের কাছে আবেদন করলে উপজেলার প্রশাসনের পক্ষ থেকে সাহায্য-সহযোগিতা করা হবে।
You must be logged in to post a comment.