আশিষ সাহা জনি মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধিঃ
মাগুরার মহম্মদপুর উপজেলার চুড়ারগাতী গ্রামের মৃত আবু সাঈদ খাঁনের জমি থেকে জোর পূর্বক আধা পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটেছে।
জমির মালিক মৃত আবু সাঈদ খাঁনের মেয়ে তানিয়া পারভিন জানান, একই গ্রামের সিরাজ মাস্টারের সমর্থনে, শওকত (৪৫), বাকেল (৪২), ভিকু (৪০) খোকন (৩০) রিয়াজ কাজী (২২) সহ আরও অপরিচিত কয়েকজন জোর পূর্বক জমির ধান কেটে নিয়ে যান। ১৯৭৪ সালের ক্রয়কৃত জমির দুইটা দলিল মুলে চুড়ারগাতী মাঠে আবু সাঈদ খাঁন ৩৪ শতাংশ জমি ভোগ করে আসছিলেন। দখলে থাকা অবস্থায় গত একমাস পূর্বে তিনি মারা যান। আবু সাঈদ খানের মৃত্যূর পূর্বে জমিতে বোরো ধান রোপন করা হয়েছিল। জমির ধান আধা পাকা অবস্থায় বৃহস্পতিবার খুব ভোরে সিরাজ মাস্টারের লোকজন ধান কেটে নিয়ে যাবার সময় মৃত আবু সাঈদের সন্তানেরা বাধা দিতে গেলে তাদের উপর আক্রমণ চালাতে আসে। এমতাবস্থায় উপায়ন্ত না পেয়ে পুলিশ হেড কোয়ার্টার্সের ৯৯৯ এ ফোন করে সহায্য চান। ঘটনাস্থলে পুলিশ আসার কথা জানতে পেরে জমির বেশিরভাগ কাটা ধান নিয়ে তারা পালিয়ে যায়।
অভিযুক্ত সিরাজ মাস্টার ধান কেটে আনার কথা স্বীকার করে বলেন, আমার নিজের জমির ধান কেটেছি। তবে কেটে আনা ধান তিনি রোপন করেননি বলে জানান।
বাবুখালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই জাহাঙ্গীর আলম জানান, পুলিশ হেড কোয়ার্টার্সের তথ্য মতে মহম্মদপুর থানা থেকে আমাকে ঘটনা সম্পর্কে অবগত করলে আমি ঘটনাস্থল পরিদর্শণ করি। তবে ঘটনাস্থলে কাউকে পাইনি। দুইপক্ষই জমির মালিকানা দাবী করায় উভয় পক্ষকে শুক্রবার পুলিশক্যাম্পে হাজির হয়ে জমির কাগজপত্র দেখাতে বলেছি।