মাগুরা শহরের দোকান ও বাসা বাড়িতে দিনে রাতে মূল্যবান জিনিসপত্র চুরির সাথে জড়িত চোর চক্রের নেতা চন্দন ঘোষসহ ৮ জন কে চোরাই মালামালসহ গ্রেফতার করেছে মাগুরা সদর থানা পুলিশ।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, সম্প্রতি মাগুরা শহরের বিভিন্ন দোকান ও বাসা বাড়িতে চুরির ঘটনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন গত রাতে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে অধিকাংশ চুরির সাথে জড়িত ১৬টি চুরি মামলার আসামী শহরের জামরুলতলার চন্দন ঘোষ (৩৫) কে তার বাড়ি থেকে চোরাই মালামালসহ আটক করে।
পরে তার স্বীকারউক্তি মতে চোর চক্রের নেতা ১২ চুরি মামলার আসামী শহরের ম্যাটার্নিটিপাড়ার সাজ্জাদ হোসেন (২০), স্টেডিয়ামপাড়ার রবিউল ইসলাম (৩২), পিটিআই পাড়ার রাসেল বিশ্বাস(২০), ভায়না গোরস্থান পাড়ার আব্দুর রশিদ (৪৫), নিজনান্দুয়ালী গ্রামের মুসলিম শেখ (১৯), রাজু আহমেদ (২০) এবং রকি শেখ (২২) কে পুলিশ গ্রেফতার করে।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে পানির মোটর, গ্যাস সিলিন্ডার এবং ৬ টি বাইসাইকেল। আটককৃতরা দীর্ঘ দিন চোর সিন্ডিকেটের মাধ্যমে মাগুরা শহর ও শহরতলীর বিভিন্ন দোকান ও বাসা বাড়িতে চুরি সংঘটিত করে আসছিল। তাদের বিরুদ্ধে চুরির অপরাধে মামলা রুজু করা হয়েছে।
You must be logged in to post a comment.