কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি মার্কেটের ১০৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৬টার দিকে ভূরুঙ্গামারী বাজারের ‘স্বপ্ন ছোঁয়া ক্ষুদ্র ব্যবসায়ী মার্কেট’ ও ‘চেয়ারম্যান মার্কেট’-এ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস জানিয়েছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে মার্কেটজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। ব্যবসায়ীরা দোকানের মালামাল রক্ষা করতে চেষ্টা করলেও অধিকাংশই আগুনে পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয় লোকজনও আগুন নেভাতে সহযোগিতা করেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ঈদকে সামনে রেখে দোকানে বিপুল পরিমাণ মালামাল তোলা হয়েছিল। আগুনে তাদের সবকিছু পুড়ে যাওয়ায় অনেকেই এখন নিঃস্ব হয়ে পড়েছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণের পর ক্ষয়ক্ষতির পরিমাণ ও ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হবে।
You must be logged in to post a comment.