ঝিনাইদহের কালীগঞ্জে ট্রলিগাড়ি থেকে ধান নামানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোরের নাম শামীম হোসেন (১৯)। তিনি কালীগঞ্জ উপজেলার বেথুলি গ্রামের আরিফুল ইসলামের ছেলে।
বুধবার (৬ মে) সকাল সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ উপজেলার ষাটবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এসময় বাবু নামে আরেক ধান মাড়াই শ্রমিক আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকালে স্যালোইঞ্জিন চালিত ট্রলিগাড়িতে এক কৃষকের ধান পরিবহন করা হয়। এসময় মাড়াই মেশিনের পাশে ধান নামানোর একপর্যায়ে ট্রলি থেকে ভারি ধানের বোঝা মাড়াই মেশিনের ওপরে গিয়ে পড়ে। এতে বিদ্যুৎচালিত ধান মাড়াই মেশিনে শামীম ও বাবু নামে দুই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে শামীম ও বাবুকে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত বাবু নামে অপর যুবককে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সোহেল রানা বলেন, হাসপাতালে আানার আগেই শামীমের মৃত্যু হয়েছে। আহত বাবুকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনা তদন্ত করা হবে। নিহতের মরদেহ পারিবারিক ভাবে দাফন করা হবে বলে আমরা জানতে পেরেছি।