মাগুরার শ্রীপুর বৈদ্যুতিক শর্ট সার্কিটে যুবক নিহত

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০, ২:১১ অপরাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।

মাগুরার শ্রীপুর উপজেলা খামারপাড়া গ্রামে চিকিৎসক মোহন মোল্যার গাছে আম পাড়তে গিয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ইসমাইল মোল্যা (২৫) নিহত হয়েছে। নিহত ইসমাইল মোল্যা শ্রীপুর উপজেলার বারইপাড়া গ্রামের মৃত রুস্তম মোল্যার ছেলে। পেশায় একজন রাজমিস্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৯ টার দিকে সে গাছে আম পাড়তে ওঠে। হাতে থাকা কাঁচা বাঁশের কাটা অসাবধানবশত উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক তাঁরের উপর পড়ে শর্ট সার্কিট হয়। পরে শ্রীপুর ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ বিষয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ভারপ্রাপ্ত আক্কাস আলী জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি রশি বেঁধে গাছ থেকে নামাতে সক্ষম হই। পরে আমাদের ফায়ার সার্ভিসের গাড়িতে করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে পৌঁছে দিয়ে আসি।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা রঈসউজ্জামান হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।

এ বিষয়ে চিকিৎসক মোহন মোল্যা জানান, ওই ছেলে আমার পরিবারের সাথে খুব আন্তরিক। ওদের সাথে ও আমাদের দীর্ঘদিনের পারিবারিক সম্পর্ক। আমার কাজে সাহায্য করার কেউ না থাকায় প্রতিবছর সে আমার বাড়িতে এসে আম পেড়ে দেয়। আজ কখন যে আম পাড়তে উঠেছে আমি জানিনা। আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় এমন ঘটনা শুনে বাহিরে এসে দেখি ছেলেটি বৈদ্যুতিক শর্ট সার্কিটে গাছে ঝুলে আছে। আমি এবং আমার পরিবারের সবাই ওর মৃত্যতে খুবই কষ্ট পেয়েছি।

এ বিষয়ে শ্রীপুর থানা এসআই রাসেল জানান, আমি ঘটনাস্থলে এসে ছেলেটিকে আম গাছে ঝুলে থাকতে দেখি। পরে শ্রীপুর ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে নিচে নামানো হয়। আসলে ঘটনাটি অনাকাঙ্খিত।

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ মাসুদ জানান, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ও নিহতের পরিবারের অভিযোগের উপর ভিত্তি করে ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ