বুধবার নওগাঁয় শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচির উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি
বুধবার, ১৭ নভেম্বর, ২০২১, ৮:৫১ পূর্বাহ্ন

বুধবার ১৭ নভেম্বর নওগাঁয় স্কুল-কলেজের ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি উদ্বোধন করতে যাচ্ছে নওগাঁ জেলা সিভিল সার্জন অফিস। তবে প্রথমে দেওয়া হচ্ছে শুধুমাত্র ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের।

নওগাঁ জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, জেলায় এই মূহুর্তে ১৮ হাজার টিকা এসেছে। এগুলো অগ্রাধিকার ভিত্তিতে এইচএসসি পরীক্ষার্থীদের দেওয়া হবে। প্রাথমিকভাবে আগামীকাল নওগাঁ সরকারি ডিগ্রী কলেজের পরীক্ষার্থীদের দেওয়া হবে। পর্যায়ক্রমে জেলার সকল কলেজের এইচএসসি পরীক্ষার্থীরাও পাবেন।

এবারে শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হবে বলেও জানা গেছে। টিকা নেওয়ার জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষ শিক্ষার্থীদের নামের তালিকা ও জন্ম নিবন্ধন নম্বর আইসিটি বিভাগে পাঠাবে। আইসিটি বিভাগ সেটি যাচাই করে সুরক্ষা অ্যাপে দেবে। সুরক্ষা অ্যাপের মাধ্যমে স্কুল কর্তৃপক্ষ বা শিক্ষার্থী বা তাদের অভিভাবকেরা টিকার জন্য নিবন্ধন করতে পারবেন। টিকা নেওয়ার সময় শিক্ষার্থীদের টিকা কার্ড ও জন্ম নিবন্ধনের ফটোকপি সঙ্গে আনতে হবে।

নওগাঁ জেলা অডিটোরিয়ামে বুধবার সকাল সাড়ে ৯টায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে বলে মঙ্গলবার সন্ধায় প্রতিবেদককে নিশ্চিত করেছেন নওগাঁ জেলা ডেপুটি সিভিল সার্জন মঞ্জুরুল মোরশেদ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ