বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৯, ১১:৫৩ অপরাহ্ন
প্রধান অতিথি হিসেবে র্যা লির উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি....

আরআর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি ।।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, ‘বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমাদের এখন প্রয়োজন পুষ্টি ও নিরাপদ খাদ্য। সেই লক্ষ্য নিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী ইশতেহারে নিরাপদ খাদ্যের কথা বলেছেন। এটা সরকারি ম্যান্ডেট হয়ে গেছে। এটা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। এই বাস্তবায়নের উদ্দেশ্যে সারাদেশে ৪৬৩টি সংস্থা কাজ করছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নামে কর্তৃপক্ষ রয়েছে। সেই হিসেবে আমরা কাজ করে যাচ্ছি। আমরা আশা করি, ভেজাল খাদ্য যাতে না হয়, সেজন্য আমরা রেস্টুরেন্টগুলোকে গ্রেডিং করছি। সবাইকে সচেতন হতে হবে। এ বিষয়ে মিডিয়ার ভূমিকা রয়েছে। ভালোকে ভালো, কালোকে কালো বলে বাংলাদেশে নিরাপদ ও পুষ্টি খাদ্যের জন্য আপনারা ভূমিকা রাখবেন।’

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপদ খাদ্য সরবরাহের জন্য জিরো টলারেন্সে রয়েছে। আপনারা জিরো টলারেন্সে থেকে সবাইকে সহযোগিতা করে এ কাজকে এগিয়ে নিয়ে যাবেন, নতুন প্রজন্মকে বাঁচার সুযোগ দেয়ার আহ্বান জানাই।’

২রা ফেব্রুয়ারী’১৯ শনিবার সকালে নওগাঁয় জাতীয় নিরাপদ খাদ্য দিবসে বর্ণাঢ্য র‌্যালির পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথাগুলো বলেন।

জেলা প্রশাসন ও খাদ্য বিভাগ এর আয়োজন করে। ‘সুস্থ সবল জাতি চাই, পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই’-এই প্রতিপাদ্য নিয়ে শহরের কাজীর মোড় খাদ্য গুদাম হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। প্রধান অতিথি হিসেবে বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন ও আলোচনা সভায় ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ আব্দুল বারী, সিভিল সার্জন ডাঃ মোমিনুল হক, চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, জেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল হোসেন, জেলা চালকল মালিক গ্রুপের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রাকিবুল হাসান প্রমুখ বক্তব্য দেন। 

র‌্যালি ও আলোচনা সভায় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা কর্মচারী ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশ নেন।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ