প্রাত্যহিক সমাবেশে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করার নির্দেশ

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ৩ আগস্ট, ২০১৮, ১০:৩৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার।।

শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী শপথবাক্য পাঠের নির্দেশ দিয়েছে সরকার। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাদরাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকলকে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে মাদকদ্রব্যের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিকভাবে উদ্বুদ্ধকরণের মাধ্যমে মাদকের চাহিদা হ্রাসে বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে।

মাদকবিরোধী কর্মকাণ্ডের মধ্যে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে দৈনন্দিন অ্যাসেম্বলিতে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ ও বক্তব্য উপস্থাপন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সরবরাহকৃত ফেস্টুন শিক্ষা প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে স্থাপন, দেশব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ দিনের মধ্যে মাদকবিরোধী কমিটি গঠন, শিক্ষার্থীদের মধ্যে মাদকের ক্ষতিকর দিকসমূহ নিয়ে আলাপ-আলোচনা ও বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নিয়মিত খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, পিটিআই ও ইউআরসিসহ অন্যান্য প্রশিক্ষণ কেন্দ্রসমূহের প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের উদ্দেশে মাদকবিরোধী আলোচনার ব্যবস্থা করা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক শিক্ষকগণের জন্য আয়োজিত প্রশিক্ষণে প্রশিক্ষণার্থী হিসেবে শিক্ষকদের মনোনয়ন ও উপস্থিতি নিশ্চিতকরণ, সকল প্রশিক্ষণের পূর্বে প্রশিক্ষণ মডিউল, ম্যানুয়াল ও তথ্যপুস্তকে মাদকের কুফল ও ক্ষতিকর দিক সংযোজন করে পরিচালনার উদ্যোগ গ্রহণ করা এবং মাদকবিরোধী কার্যক্রমে অন্য যে কোন ফলপ্রসূ এবং কার্যকর পদক্ষেপ পরিলক্ষিত হলে তা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে অন্তর্ভুক্ত করে বাস্তবায়নের সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করা।

মাদকবিরোধী গণসচেতনতা বৃদ্ধিতে শিক্ষা প্রতিষ্ঠানে এ সকল কর্মকাণ্ড পরিচালনা করতে বলেছে সরকার।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ