নওগাঁর পোরশায় আনুমানিক ৫০ বছর বয়সের অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার দিবাগত রাত সাড়ে ১০টায় ভারত বাংলাদেশ সীমান্তের ২৩০/৯(এস)/১৫ পিলারের বাংলাদেশের অভ্যন্তরে পারঘাটি নামক স্থানে ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটি সেখানে ক্ষত-বিক্ষত অবস্থায় পড়ে ছিল।
থানার অফিসার ইনচার্জ জহুরুল হক জানান, নিতপুর ইউপি চেয়ারম্যান এনামুল হক থানায় জানালে অজ্ঞাত ওই লাশটি উদ্ধার করা হয়। এ সময় লাশটির মাথা শরীর থেকে বিচ্ছিন্ন অবস্থায় ছিল। পরনে পাঞ্জাবী ও লুঙ্গি ছিল। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে দুর্বৃত্তরা তাকে অন্যত্র গলাকেটে হত্যার পর ওই স্থানে রেখে গেছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা হয়েছে। লাশটি রোববার ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।#