পাবনা প্রতিনিধি ।।
পাবনা-৩(ভাঙ্গুড়া, ফরিদপুর ও চাটমোহর) আসনের ভাঙ্গুড়া উপজেলায় নৌকাপ্রার্থী আলহাজ্ব মকবুল হোসেনের নির্বাচনী ক্যাম্পে কর্মীসভা চলাকালীন সময়ে ককটেল বিস্ফোরণ, নেতাকর্মীদের মারধর ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
গত শনিবার ২২ ডিসেম্বর’১৮ রাত সোয়া ১০টায় ভাঙ্গুড়া পৌরশহরের শরৎনগর বাজারের হাজী জামাল উদ্দিন ডিগ্রী (অনার্স) কলেজ সংলগ্ন ঐ নির্বাচনী ক্যাম্পে এ ঘটনা ঘটে।
এতে ভাঙ্গুড়া পৌরআওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ওমর ফারুক, যুবলীগ নেতা সোহেল রানা ও ছাত্রলীগ নেতা নাহিদ আহত হয়েছে।
আহতদের মধ্যে সোহেল রানা ও নাহিদকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আর ওমর ফারুককে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে। খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।
ভাঙ্গুড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাইদুল ইসলাম জানান, পৌরসভার ৪টি ওয়ার্ডের আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী নিয়ে তিনি ও পৌরআওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক মিটিং করছিলেন।
একপর্যায়ে রাত সোয়া ১০টায় দু’টি মোটরসাইকেলে চড়ে হেলমেট পরিহিত ৪ ব্যক্তি ক্যাম্পের সামনে এসে দুটি ককটেল ফাটিয়ে দ্রুত চলে যায়।
এ সময় সবাই ছুটাছুটি শুরু করলে মাফলার দিয়ে মুখ ঢাকা ২৫/৩০ জন যুবক লাঠিসহ ক্যাম্পের মধ্যে প্রবেশ করে ভাঙচুর চালায়। এতে দুর্বৃত্তদের লাঠির আঘাতে ৩ জন আহত হয় বলে তিনি জানান।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ হামলার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে অভিযান শুরু করেছে।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.