আরআর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি ।।
নওগাঁর রাণীনগরে চলতি ইরি বোরো মৌসুমে গভীর নূলকূপ হতে ফসলী জমিতে সেচ প্রদানের ক্ষেত্রে পানির দাম নির্ধারণ না করায় দ্বিগুণ টাকায় পানি কিনতে হচ্ছে চাষীদের। এতে মৌসুমের শুরুতেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষীরা।
নির্ধারিত দাম না থাকায় গভীর ও অগভীর নলকূপের মালিক ও তত্ত্বাবধানে থাকা ব্যক্তিরা তাদের ইচ্ছেমতো বিঘাপ্রতি পানির দর বসিয়ে জমি চাষীদের কাছ হতে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। কৃষকদের অভিযোগ, ব্যক্তিমালিকানার গভীর ও মটর এবং ডিজেল চালিত অগভীর নলকূপে নেয়া হচ্ছে প্রতিবিঘায় ২ হাজার ৫শ’ হতে ৩ হাজার টাকা পর্যন্ত। অথচ একই মাঠে সমিতির মালিকানাধীন গভীর নূলকূপ হতে সেচ প্রদান বাবদ পুরো মৌসুমে প্রতিবিঘায় ১ হাজার ৫০ টাকা নিচ্ছে।
আর রাণীনগর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ তাদের আওতাধীন গভীর নলকূপের পানির দাম নির্ধারণ করেছে প্রতি ঘন্টা ১২৫ টাকা অর্থাৎ পুরো মৌসুম মিলে ১ হাজার ২৫০ টাকা। অথচ দয়িত্বে থাকা ব্যক্তিরা নির্ধারিত পানির দাম গোপন করে চাষীদের কাছ হতে ১ হাজার ৮শ’ হতে ২ হাজার ৫শ’ টাকা পর্যন্ত নিচ্ছে। অর্থাৎ প্রতিবিঘায় ৫শ’ হতে সাড়ে ১২শ’ টাকা অতিরিক্ত নেয়া হচ্ছে।
হাতিয়ে নেয়া কৃষকের লক্ষ লক্ষ টাকা কার পকেটে যাচ্ছে? এমন প্রশ্ন এলাকার সচেতন মহলের। বরেন্দ্র’র আওতায় গভীর নলকূপগুলোতে নির্ধারিত দামের চেয়ে দ্বিগুণ দাম নেয়ার অভিযোগ উপজেলাজুড়ে পাওয়া গেলেও মানতে নারাজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বর্তমানে রাণীনগর উপজেলার কৃষকরা বুক ভরা আশা নিয়ে কোমর বেঁধে মাঠে নেমে পুরোদমে ইরি বোরো ধান রোপণের কাজে ব্যস্ত সময় পার করছে।
দু’য়েকটি এলাকার কয়েকটি মাঠ ছাড়া সিম্বা, খাগড়া, ছয়বারিয়া, লোহাচূড়া, কাশিমপুর, এনায়েতপুর, গোনা, রাজাপুর, খট্টেশ্বর, বালুভরা, পানলা, দেউলা, বড়গাছা, বেলঘরিয়া, বরিয়া, বরবরিয়া, তেবারিয়া, একডালা, আমগ্রাম, করজগ্রাম, পারইলসহ প্রায় সব মাঠেই ধান রোপণ কাজ প্রায় শেষের দিকে।
অথচ উপজেলা সেচ কমিটির পক্ষ হতে এখন পর্যন্ত পানির দাম নির্ধারণ করেননি। ফলে সুযোগ বুঝে নিরীহ চাষীদের কাছ হতে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে গভীর ও অগভীর নলকূপ মালিক ও তত্ত্বাবধানে থাকা ব্যক্তিরা।
নিয়ন্ত্রণ না থাকায় নূলকূপ মালিকদের দেখাদেখি ডিজেল ও মোটরচালিত নলকূপের মালিকরা তাদের চাইতেও বেশি দামে পানি বিক্রয় করছে। তাদের কথা মতোই চলতি ইরি বোরো মৌসুমটা পাড়ি দেবে এই এলাকার চাষীরা। কিন্তু লোকসানের সাথে যুদ্ধ করে টিকে থাকা কৃষকরা জানেন না যে, পানির দাম এলাকাভেদে নির্ধারণ করা হয় এবং সেচ সংক্রান্ত বিষয়ে উপজেলা পর্যায়ে একটি সেচ কমিটিও রয়েছে!
অজানা নিরীহ কৃষকদের কাছ হতে ইতিমধ্যেই নেয়া হয়েছে (ইরি বোরো মৌসুমের) মোট টাকার কিছু অংশ, বাকী টাকা কিছুদিন পর দিলেই চলবে বলে জানিয়েছেন কর্তাব্যক্তিরা। এ যেন মগের মুল্লুক! দেখার কেউ নেই!
অপরদিকে বরেন্দ্র’র আওতায় গভীর নলকূপের দায়িত্বে থাকা ব্যক্তিরা অন্যদৃষ্টি প্রতিনিধিকে জানিয়েছেন, ‘কৃষকদের কাছ হতে দ্বিগুণ নয়, ২/৪শ’ টাকা বেশি নেয়া হয়। তার কারণ হলো- একটি ডিপে অপারেটর একজন, ডেনম্যান হিসেবে একজনকে মৌসুম ভিত্তিক নিয়োগ দিতে হয়। তাদের বেতন, বিভিন্ন সরঞ্জাম ক্রয়সহ বরেন্দ্র অফিসের একটি নির্ধারিত কার্ড আছে সেই কার্ডে ২ হাজার হতে ২ হাজার ৫শ’ টাকা করে পুরো মৌসুমে অনেক কয়েক বার রিচার্জ করতে হয়। সব মিলে প্রায় ৬০ হাজার হতে ৬৫ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করতে হয়। এই বিষয়গুলো কৃষকরা জানে। সবমিলে একটি ডিপ পরিচালনা করতে অনেক খরচ হয়। আবার উঁচু-নিচু জমিভেদে কমবেশি করে পানি সেচ দিতে হয়। তাতে নির্ধারিত রেট দিয়ে ডিপ পরিচালনা করা সম্ভব হয় না। এছাড়াও বড় সমস্যা হচ্ছে সময় মত কৃষকরা পানির দাম দিতে চায় না। তখন আমরা বিভিন্নভাবে বিড়ম্বনার শিকার হই।’
সংশিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার ৮টি ইউনিয়নে চলতি মৌসুমে প্রায় ১৯ হাজার হেক্টর জমিতে ইরি বোরো ধান চাষ করা হচ্ছে। এসব জমিতে চলতি মৌসুমে মোট ২ হাজার ২৩৬টি গভীর ও অগভীর নলকূপ হতে সেচ প্রদান করা হচ্ছে।
গভীর নলকূপ রয়েছে ৪০৬টি, এর মধ্যে ২৬২টি রয়েছে বরেন্দ্র’র আওতায়। এসব গভীর-অগভীর নলকূপ বর্তমানে পুরোদমে আবাদি জমিতে নিরবচ্ছিন্ন সেচ প্রদান করছে। এই উপজেলার চাষীরা জমি প্রস্তুত শেষে ধান রোপণ কাজও প্রায় শেষ করেছে। এ বছর ইরি-বোরো ধান চাষের অনুকূল আবহাওয়া, সঠিক সময়ে ধান রোপণ, নিরবিচ্ছন্ন বিদ্যুৎ সরবারহ, সার সংকট না থাকায় ফসলও ভালো হওয়ার সম্ভবনা রয়েছে বলে স্থানীয় কৃষি বিভাগ মনে করছেন।
এ ব্যাপারে উপজেলার সিম্বা গ্রামের ইরি বোরো চাষী অহেদ মিনা ও গফুর মিনা অন্যদৃষ্টি প্রতিনিধিকে জানিয়েছেন, ‘আমরা দুই ভাই এ বছর বরেন্দ্র’র ডিপে প্রায় ১১ বিঘা জমিতে ধান চাষ করছি। প্রতিবিঘায় ১৮শ’ করে পানি কিনতে হচ্ছে। অগ্রীম কিছু টাকা ডিপের দায়িত্বে থাকা মোসলিম ও রাজাকে দিয়েছি। গত বছর ১৬শ’ টাকা নিয়েছে..এ বছর ২শ’ টাকা বাড়িয়ে দিয়েছে।’
এনায়েতপুর গ্রামের কৃষক খবির উদ্দিন অন্যদৃষ্টি প্রতিনিধিকে বলেন, ‘ম্যানেজার মোয়াজ্জিমকে প্রতিবিঘা পানির দাম দিতে হচ্ছে ১৮শ’ টাকা। কাটা-মাড়াই পর্যন্ত যা খরচ হবে তাতে লাভ তো দূরের কথা, লসের ঘানি টানতে হবে।’
পানলা গ্রামের কৃষক হামিদুল ইসলাম অন্যদৃষ্টি প্রতিনিধিকে জানান, ‘বরেন্দ্র ডিপের আওতায় আমি এ বছর ২ বিঘা জমিতে ইরি ধান রোপণ করেছি। ডিপের অপারেটর এরশাদ আলীকে বিঘা প্রতি ২৭শ’ টাকা হারে পানির দাম দিতে হবে।’
বড়গাছা ইউনিয়নের পানলা গ্রামে স্থাপিত বরেন্দ্র ডিপের দায়িত্বরত অপারেটর এরশাদ আলী প্রতিবিঘা ২৭ টাকা হারে পানির দাম নেওয়ার বিষয়টি অস্বীকার করে অন্যদৃষ্টি প্রতিনিধিকে জানিয়েছেন, ‘আমি এখনো কোনো কৃষকের কাছ হতে টাকা নেইনি বা পানির দামও নির্ধারণ করিনি। তবে আমার ডিপের আওতায় জমিগুলো বেশ উঁচু শ্রেণীর, তাই কৃষকরাই বিবেক করে বিঘা প্রতি ১৬শ’/১৮শ’ টাকা হারে দেয়।’
রাণীনগর বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষ’র সহকারি প্রকৌশলী ও উপজেলা সেচ কমিটির সদস্য সচিব মোহাম্মদ তিতুমীর রহমান অন্যদৃষ্টি প্রতিনিধিকে জানিয়েছেন, ‘চলতি ইরি বোরো মৌসুমে কৃষকের কাছ হতে অতিরিক্ত পানির দাম নেয়ার অভিযোগ এখনো কোনো এলাকা হতে পাইনি। আমাদের অফিসের আওতায় ২৬২টি গভীর নলকূপ রয়েছে। অফিসের নির্ধারিত রেটপ্রতি ঘন্টা ১২৫ টাকা করে। কৃষকের কাজ হতে এর চেয়ে বেশি টাকা কেউ নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আর উপজেলা সেচ কমিটির পক্ষ থেকে জমির শ্রেণী নির্ধারণের জন্য ইউনিয়ন ভিত্তিক জরিপ চলছে, দু’য়েকদিনের মধ্যে এলাকাভিত্তিক পানির দাম নির্ধারণ করা হবে।’
উপজেলা নির্বাহী অফিসার ও সেচ কমিটির সভাপতি মোহাম্মদ আল মামুন অন্যদৃষ্টি প্রতিনিধিকে জানিয়েছেন, ‘সরকারিভাবে পানির দাম নির্ধারণ করা আছে। কৃষকের কাছ হতে অতিরিক্ত পানির দাম নেয়ার বিষয়টি আমার জানা নেই। তবে যে সব এলাকার কথা আপনারা (সাংবাদিকরা) বলছেন, সেই সব এলাকায় গিয়ে এমন অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.