নিয়োগ বোর্ড স্থগিত হলো ইবির

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ৯ জুলাই, ২০১৮, ৮:৪০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার।।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিতর্কিত শিক্ষক নিয়োগ বোর্ড স্থাগিত করেছে প্রশাসন। সোমবার রেজিস্ট্রার দফতর সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে নিয়োগ বাণিজ্যের অডিও ফাঁস, শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা, ইউজিসির তদন্ত কমিটি, চাকরিপ্রত্যাশী ছাত্রলীগ কর্মীদের বাধাসহ বিভিন্ন কারণে একাধিক বার ওই বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ড স্থগিত করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ড স্থগিত করা হলো। ওই বোর্ডে নিয়োগের সময় ও তারিখ পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২০ অক্টোবর ওই বিভাগের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রশাসন। পরের বছর ২৬ জানুয়ারি শিক্ষক নিয়োগ নির্বাচনী বোর্ডের তারিখ ঘোষণা করে কর্তৃপক্ষ। ওই সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার। পরে অনিবার্য কারণ দেখিয়ে বোর্ড স্থগিত করে কর্তৃপক্ষ। ওই সময় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সভাপতি ছিলেন ড. রুহুল আমীন।

ওই সময় গণমাধ্যমে সভাপতি রুহুল আমীনের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অডিও ফাঁসের সংবাদ প্রকাশিত হয়। এ নিয়ে শিক্ষক নিয়োগ বোর্ডে স্থগিতাদেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ও ইউজিসির সদস্য অধ্যাপক ড. এম শাহ নেওয়াজকে আহ্বায়ক করে দুই সদস্যের কমিটি গঠন করা হয়।

কিন্তু এখন পর্যন্ত কমিটি বিশ্ববিদ্যালয়ে তদন্তে আসেনি বলে জানা গেছে। একইসঙ্গে কোনো প্রতিবেদনও জমা দেয়নি। বর্তমান কর্তৃপক্ষ পুনরায় ওই বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ডের তারিখ ঘোষণা করে।

কিন্তু সোমবার তা আবারও স্থগিত করে প্রশাসন। নাম প্রকাশ না করার শর্তে বিশ্বদ্যিালয়ের এক শিক্ষক বলেন, ওই বিভাগে সম্প্রতি নারী কেলেঙ্কারির ঘটনাসহ বেশ কিছু বিষয় নিয়ে প্রশাসন চাপে থাকায় শিক্ষক নিয়োগ বোর্ড স্থগিত করা হয়েছে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কিছু সমস্যা থাকায় শিক্ষক নিয়োগ বোর্ড স্থগিত করা হয়েছে।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ