জনি আহমেদ, নিয়ামতপুর, নওগাঁ।।
নওগাঁর নিয়ামতপুরে বিএমডিএ কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন দাবী দাওয়া নিয়ে ধর্মঘটে বিপাকে পড়েছেন উপজেলার ভেন্ডিং ডিলাররা। এতে আমন সেচে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে কৃষকদের। উপজেলায় মোট ৬৮টি ভেন্ডিং ডিলার রয়েছে। প্রত্যেকে তাদের মেশিনে টাকা তোলার জন্য সকাল থেকে বিএমডিএ অফিসে এসে ধর্না দিচ্ছে। তবুও তাদের মেশিনে টাকা তুলতে পারছে না।
এ বিষয়ে ভুক্তভোগী ভেন্ডিং ডিলার উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূর বরিয়া বাজার থেকে আসা নাজমূল হক এ প্রতিবেদককে বলেন, আমি সেই সকাল থেকে এখন পর্যন্ত (বেলা ১২টা) অফিসের সামনে অপেক্ষা করছি। কিন্তু আমার ভেন্ডিং মেশিনে টাকা তুলতে পারি নাই। আমার ভেন্ডিং মেশিনে টাকা তুলতে না পারলে এলাকার অনেক জমিতে কৃষকরা জমিতে সেচ দিতে পারবে না। ফলে ধানের ব্যাপক ক্ষতি হবে। টিএলবি বাজারের আরেক ভেন্ডিং ডিলার শাহজাহান সাজু বলেন, আমারও একই অবস্থা। আমিও সকাল থেকে অপেক্ষা করে আছি। বিএমডিএর সকল কর্মকর্তা কর্মচারীরা ধর্মঘট পালন করছে। কেউ কোন কাজ করছে না।
নিয়ামতপুর বিএমডিএ সহকারী প্রকৌশলী মতিউর রহমান বলেন, ভেন্ডিং ডিলাদের সমস্যার কথা ধর্মঘট ডাকার লিডারদের সাথে কথা বলেছি। ধর্মঘট চলুক কিন্তু কৃষকদের কথা মাথায় রেখে ভেন্ডিং ডিলারদের মেশিনে টাকা দিতে হবে। তখন তারা অনুমতি দিয়েছে। আমরা বেলা ১টা থেকে ভেন্ডিং ডিলারদের টাকা দিতে শুরু করেছি। যারা এসেছিল প্রত্যেককে দিয়েছি। কৃষকদের কোন সমস্যা আমরা হতে দিবো না।
You must be logged in to post a comment.