নিয়ামতপুরে পুকুর দখল নিয়েই স্বার্থান্বেষী মহলদের মারধরের অভিযোগ

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৯, ১০:৪৬ অপরাহ্ন
‘আমরা সব সময় পুলিশের ভয়ে থাকি। এই বুঝি পুলিশ আসলো’...ভুক্তভোগী ফাতেমা...

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর নিয়ামতপুরে খাস পুকুর দখলের চেষ্টা স্বার্থান্বেষী মহলের। পুলিশ আতঙ্কে ভূমিহীন পরিবার। সরেজমিনে জানা যায়, উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর হঠাৎপাড়ায় গত ২৯ জানুয়ারী’১৯ মঙ্গলবার সকাল ৭টায় ইউনিয়ন পরিষদের সদস্য আবু তাহের হেরার নেতৃত্বে প্রায় ২শ’ হতে আড়াইশ’ লাঠিয়াল বাহিনী নিয়ে খাস পুকুর দখলের জন্য রসুলপুর হঠাৎপাড়ার নিরীহ ভূমিহীন পরিবারের উপর আক্রমণ করে। তাদের আক্রমণ হতে কেউ রেহাই পাননি নারী ও শিশুও।

প্রায় ৫ ঘন্টা ধরে এই তান্ডবলীলায় ঘরবাড়ি ভাঙচুরসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে এলোপাথারি মারধরে বেশ কয়েকজন আহত হয়। এর মধ্যে একজনের চোখে নষ্ট হয়ে গেছে।

রসুলপুর ইউপি সদস্য আবু তাহের হিরার নেতৃত্বে রসুলপুর জালসাপাড়ার মকবুল হোসেনের ছেলে মিঠন (২৪), ঝাটুর ছেলে বাবুল (২৫), মৃত নূরু হোসেন মাস্টারের ছেলে সুফিয়ান (৩৫), মৃত সারাফত আলীর ছেলে মোজাম্মেল হক (৬৫) রবুর ছেলে ওদুদ (৩২), মৃত ইদুর ছেলে শহিদুল ইসলাম (২৬), কলনীপাড়ার কামরুদ্দীন মেম্বরের ছেলে মিলন (২৬),  মৃত আনেস আলীর ছেলে জাহান আলী, হাজীপাড়ার মৃত হাসান আলীর ছেলে তাইজুদ্দিন (৪৫), মৃত জিন্নাত হোসেনের ছেলে এমদাদুল হক (৪০), সারসডাঙ্গার মৃত সাজ্জাদ আলীর ছেলে নাসির আলী, চুটুর ছেলে রহিম (৩০) নাম অজ্ঞাত প্রায় ২শ’ হতে আড়াইশ’ লোক পুকুর দখল মারধর ও লুটপাটে অংশ নেয়।

সরেজমিনে গেলে ভূমিহীন পরিবারের সকলে এই অন্যদৃষ্টি প্রতিনিধির কাছে আকুল আবেদন করেন। তাদের মধ্যে হতে আজিমুদ্দিনের ছেলে নজরুল ইসলাম বলেন, ‘আমরা রসুলপুর ইউনিয়নের রসুলপুর হঠাৎপাড়ায় অবস্থিত রসুলপুর মৌজার ১নং খাস খতিয়ানভুক্ত ৮৪০ নং দাগে ৮১ শতাংশের একটি পুকুর দীর্ঘ ৫০ বছর যাবত ভোগদখল করে আসছি। এই পুকুরেই আমরা যারা পুকুর পাড়ে বসবাস করছি প্রায় ২৫/৩০ পরিবার মাছ চাষ, পরিবারের জন্য পানি ব্যবহার করে আসছি। সরকার থেকে কোনো বাঁধা নেই। কিন্তু গত ২৯ জানুয়ারী মঙ্গলবার এলাকার স্বার্থান্বেষী মহল সন্ত্রাসী আবু তাহের হিরার নেতৃত্বে ২শ’/আড়াইশ’ লোক আমাদের উপর আক্রমণ করে পুকুরের মাছ মেরে দখলের চেষ্টা করে। আমরা বাঁধা দিতে গেলে আমার উপর সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্র লাঠি, বল্লম নিয়ে আক্রমণ করে বাড়িঘর ভাঙচুর করে। এতে আয়নাল হকের স্ত্রী ফাতেমা, আব্দুল গনির স্ত্রী সাবিনা ও রফিকুলের স্ত্রী রেবিনাসহ ৭/৮জন আহত হয়। আমরা তাদের জাল কেড়ে নেই। পরে তারাই থানায় গিয়ে উল্টো আমাদের নামে মিথ্যে অভিযোগ করে। আমরা মামলা ও পুলিশের ভয়ে গত মঙ্গলবার থেকে বাড়িছাড়া। রাতে কেউ বাড়িতে পুলিশের ভয় ঘুমাতে পারি না।’

আহত ফাতেমা বলেন, ‘আমরা সব সময় পুলিশের ভয়ে থাকি। এই বুঝি পুলিশ আসলো।’

রফিকুল ইসলাম বলেন, ‘এখন আবু তাহের হিরা ও তাদের দোসরদের নির্দেশে আমাদের জমিতে বোরো চাষের জন্য সরকারি গভীর নলকূপ হতে পানিও দেয়া বন্ধ করে দিয়েছে। কারণ তারা আওয়ামীলীগ করে। আর আমরা অসহায় গরীব’।

জমিতে পানি দেয়ার বিষয়ে ডিপ অপারেটর রসুলপুর গ্রামের মৃত আনিসুর রহমানের ছেলে শাহজাহান বলেন, ‘আমার কোনো আপত্তি নাই। রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের ছোট ভাই বাবর আলী পানি দিতে নিষেধ করেছেন। সে বললেই আমি পানি দেবো?’

আরেক ডিপ অপারেটর জহিরুল ইসলাম বলেন, ‘আমি রাজনৈতিক চাপে তাদের জমিতে পানি দেয়া বন্ধ করেছি। ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও তাদের লোকেরা পানি দিতে নিষেধ করেছেন। আমার ব্যক্তিগত কোনো সমস্যা নেই।’

এ বিষয়ে ইউপি সদস্য আবু তাহের হিরা বলেন, ‘পুকুরটি লিজ নেয়া আছে। হাবিবুর রহমানের ছেলে জসিম উদ্দিনের নামে লিজ নেয়া আছে। পুকুরে মাছ ছাড়া আছে। ছাড়া মাছ মারতে গেলে তারাই আমাদের উপর চড়াও হয়ে আমাদের ৫/৬জনকে আহত করে। তাদের নিয়ামতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে’।

নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ তোরিকুল ইসলাম এই অন্যদৃষ্টি প্রতিনিধিকে বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। শুধু অভিযোগ রয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’

অন্যদৃষ্টি/এলিস হক

 

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ