নিয়ামতপুরে একমাত্র নারী হাসানারা বাহাদুরপুর ইউপি নির্বাচনে নৌকার মাঝি হতে চান

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১, ১০:১৮ পূর্বাহ্ন

নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৮টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি। চলছে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের দৌড়ঝাপ, চলছে গণসংযোগ। দলীয় নেতা কর্মী থেকে শুরু করে চলছে জল্পনা কল্পনা ৮টি ইউনিয়নে কে কে হচ্ছেন আওয়ামীলীগের প্রতীক নৌকার মাঝি।

এর মধ্যে উপজেলায় এ যাবতকালের একমাত্র নারী হিসাবে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদে (ইউপি) নৌকার মাঝি হতে চান হাসানারা।  তিনি বাহাদুরপুর ইউনিয়নের মহিলা আওয়ামীলীগের সভাপতি, অত্র ইউনিয়নের ৩নং সংরক্ষিত মহিলা আসনের সদস্য, প্যানেল চেয়ারম্যান, উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য এবং বাহাদুরপুর ইউনিয়নের করিমপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা ও সাবেক সেনা কর্মকর্তা এনামুল হকের একমাত্র পুত্রবধু।

হাসানারা এ প্রতিবেদককে বলেন, আমি অবহেলিত ও সুবিধা বঞ্চিত এ ইউনিয়নকে উন্নয়নের আলোয় আলোকিত করতে নৌকার মাঝি হতে চাই। নিয়ামতপুর উপজেলায় স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোন নারী চেয়ারম্যান প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করে নাই। পিছিয়ে পড়া নারী সমাজকে এগিয়ে নিতে তাই আমি একমাত্র নারী প্রার্থী হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের রাজনৈতিক অভিভাবক মাননীয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের কাছে আকুল আবেদন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে একমাত্র নারী প্রার্থী হিসাবে যেন আমাকে আওয়ামীলীগের প্রতীক, স্বাধীনতার প্রতীক, শান্তির প্রতীক নৌকার মাঝি করা হয়।

তিনি আরো বলেন, যদি আমাকে নৌকা প্রতীকে নির্বাচনের সুযোগ দেওয়া হয় তাহলে অবশ্যই বিপুল ভোটে জয়লাভ করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার তথা প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবো।

হাসানারা আরো বলেন, আমি নির্বাচিত হলে আমার ইউনিয়ন বাহাদুরপুরকে আধুনিক ও ডিজিটাল ইউনিয়নে রূপান্তরিত করবো। তরুণ প্রজন্মসহ মহিলা ভোটারদের ব্যাপক উৎসাহ ও সমর্থনের কারণে চেয়ারম্যান পদে প্রার্থী হিসাবে ভোটের মাঠে লড়তে আগ্রহ প্রকাশ করছি। বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীক পেলে তবেই নির্বাচনে প্রার্থী হতে চাই নতুবা দল যাকে মনোনয়ন দেবে নির্বাচনে তার পক্ষে তথা নৌকার পক্ষে কাজ করে যাবো।

এই ইউনিয়নের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সাথে কথা বললে তারা জানান, বাহাদুরপুর ইউনিয়নের নৌকার প্রার্থীতা বাছাই নিরশনে হাসানারাকে ভাবা হচ্ছে আওয়ামীলীগের একনিষ্ঠ প্রার্থী হিসাবে। গুণীজনদের অভিমত জনসমর্থনের দিক দিয়ে হাসনারা রয়েছে শক্ত অবস্থানে। শিক্ষিত মহিলা ও তরুন নেতা হিসাবে প্রবীণ ও নবীণদের মাঝে জনপ্রিয়তায় শীর্ষে রয়েছে হাসনারা। তাই সবার ধারণা তিনি নৌকা মনোনয়ন পেলে বিপুল ভোটে জয় লাভ করবেন।

তিনি তার উপর অর্পিত দায়িত্বাবলী সততা, দক্ষতা ও নিষ্ঠার সহিত দেশপ্রেমের মনোভাব নিয়ে করায় ২০১৮ সালে শ্রেষ্ঠ মহিলা সদস্য, সমাজসেবায় বিশেষ অবদানের জন্য উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় থেকে ২০১৮ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা এবং নওগাঁ জেলা প্রশাসনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ২০১৮ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সদস্য (সংরক্ষিত) সম্মাননা ক্রেষ্ট লাভ করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ