বিনোদন ডেস্ক।।
নতুন নায়িকার সন্ধানে থাকা ঢালিউড সুপারস্টার শাকিব খান এবার নতুন নায়ক খুঁজছেন। নিজের নতুন ছবির জন্য এখনো নায়িকা চূড়ান্ত না হলেও দুজন নায়ক খুঁজছেন এ তারকা।
এ বিষয়ে গণমাধ্যমকে শাকিব জানান, নতুন ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি। ‘নায়িকা তো ব্রেক দিয়েছি। এবার নায়ক দরকার। শিগগির নতুন একটা ছবির কাজ শুরু করবো। বেশিরভাগ শুটিং হবে থাইল্যান্ডে। একেবারে ফাটাফাটি গল্প। সেখানে তিনজন নায়ক প্রয়োজন। আমি আছি, আরও দুজন হিরো (নায়ক) দরকার। প্রত্যেকের চরিত্রের গুরুত্ব সমান।
শাকিব আরো বলেন, শাপলা মিডিয়া থেকে নির্মিত হচ্ছে এ সিনেমা। এটি নির্মাণ করবেন শাহীন সুমন। একেবারে দেশি ছবি। ছবির গল্প যেমন হবে, তেমনি গানও হবে অন্যতম আকর্ষণ। এক গানে তিন হিরোকে দেখা যাবে। দেশের বাইরের কোরিওগ্রাফার কাজ করবেন।
এদিকে শাকিবের এমন পদক্ষেপের কথা শুনে অনেকেই উচ্ছ্বসিত। কারণ তার মতো শীর্ষ জনপ্রিয় নায়ক যখন নতুনদের সুযোগ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তখন দেশের ইন্ডাস্ট্রির জন্য এটা নিঃসন্দেহে সুখবর। তাই এখন কেবল সময়ের অপেক্ষা, সুপারস্টার শাকিবের সঙ্গে নতুন দুই মুখের সমন্বয় হওয়ার।
You must be logged in to post a comment.