আর, আর চৌধুরী, নওগাঁ ।।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি থেকে দ্বিতীয় দিন মঙ্গলবার নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে মা-ছেলে মনোনয়নপত্র কিনে প্রতিদ্বিন্দ্বী হয়েছেন। এ ছাড়াও এ আসনে আরো ৪ জন মনোনয়ন প্রত্যাশী তাদের দলীয় মনোনয়ন পত্র কিনেছেন।
মা-ছেলে হলেন, জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার প্রয়াত আখতার হামিদ সিদ্দিকী নান্নুর ছেলে পারভেজ আরেফিন সিদ্দিকী জনি ও তার মা নাসরিন আরা সিদ্দিকী।
অন্যরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল, নওগাঁ জেলা বিএনপির সদস্য রবিউল আলম বুলেট, নব্বইয়ের আন্দোলনে সক্রিয় সাবেক ছাত্রনেতা ও ব্যবসায়ী আসফ কবীর চৌধুরী শত, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক একেএম শফিকুল ইসলাম শফিক।
দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনে ধানের শীষের টিকিট পেতে মনোনয়ন প্রাপ্তির আবেদন ফরম সংগ্রহ ও জমা দিতে এলাকার শীর্ষ নেতারা এখন ঢাকায় অবস্থান করছেন। সোমবার ও মঙ্গলবার আবেদন ফরম সংগ্রহকারী নেতাদের কেউ কেউ তা জমা দিয়েছেন। দলীয় প্রার্থী হওয়ার প্রাথমিক এই কার্যক্রমের পাশাপাশি অনেকে প্রতীক নিশ্চিত করতে কেন্দ্রীয় নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎও করছেন। এক ধানের শীষের কান্ডারী হতে ৬ জনের যুদ্ধে শেষ পর্যন্ত আসল কান্ডারী হিসেবে মনোনীত হয় কে তা দেখা ও জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে এলাকার সাধারণ মানুষ। কে হাসবেন, কে কাঁদবেন এ জন্য অপেক্ষা করতে হবে কয়েকদিন। ৬ জন প্রার্থীই দলীয় মনোনয়ন পাওয়ার আশা ব্যক্ত করেছেন।
সাবেক ডেপুটি স্পীকার প্রয়াত আখতার হামিদ সিদ্দিকী নান্নুর স্ত্রী নাসরিন আরা সিদ্দিকী জানান, আমি মনোনয়ন ফরম কিনেছি, জমা দিব কিনা এটা নিশ্চিত না। তবে আমি আমার ছেলের প্রস্তাবক।
পারভেজ আরেফিন সিদ্দিকী জনি বলেন, আমি মনোনয়ন ফরম কিনেছি। আমার একটু আইনগত জটিলতা আছে। মা আমার প্রতিদ্বন্দ্বী না, তিনি আমার প্রস্তাবক।
You must be logged in to post a comment.