নওগাঁর ধামইরহাট থানার শৈল্পী বাজার এলাকায় অভিযান চালিয়ে ৬০ গ্রাম হেরোইন ও ১০ বোতল ভারতীয় মাদক ফেন্সিডিল সহ ৩ যুবককে আটক করেছে র্যাব।
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্প থেকে প্রেস রিলিজ এর মাধ্যমে প্রতিবেদককে জানানো হয়, অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির এবং স্কোয়াড কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ এর নেতৃত্বে শুক্রবার দুপুর দেড় টারদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার সরইষা গ্রামের মৃত আঃ সামাদের ছেলে মোঃ ছমির হোসেন (৩৫), দেবনাগর গ্রামের মোঃ শাহজাহান আলীর ছেলে মোঃ আমিনুল ইসলাম ফিটু (৩৫), ও নওগাঁর ধামইরহাট থানার পশুরামপুর গ্রামের মৃত আজিম উদ্দিন মণ্ডলের ছেলে মোঃ মহরম (৫০) কে মাদক সহ হাতেনাতে আটক করা হয়।
র্যাব আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য হেরোইন ও ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ এবং জয়পুরহাটসহ বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিলো বলে স্বীকার করেছেন।
এব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে নওগাঁ জেলার ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।