নওগাঁয় শ্লীলতাহানীর অপমান সইতে না পেরে কলেজ ছাত্রীর আত্মহত্যা

নওগাঁ প্রতিনিধি
মঙ্গলবার, ১৫ জুন, ২০২১, ১০:৪৯ অপরাহ্ন

নওগাঁর মহাদেবপুরে মেহেদী হাসান নামে এক যুবকের অত্যাচার-অপমান সইতে না পেরে রাজিয়া নামে এক কলেজ ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় কলেজ ছাত্রী রাজিয়ার বাবা মহাদেবপুর থানায় অভিযোগ না নেওয়ায় নওগাঁ আদালতের নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের জুলফিকার আলী ভুট্টর মেয়ে রাজিয়া সুলতানা রাইগাঁ ডিগ্রি কলেজে এইচএসসির একজন শিক্ষার্থী ছিলেন। কলেজে যাওয়া-আসার সময় একই গ্রামের আনোয়ার হোসেন এর ছেলে মেহেদী হাসান প্রায়ই পথরোধ করে উত্যক্ত করাসহ নানা রকমের কুপ্রস্তাব দিয়ে আসতো। এই অত্যাচার থেকে মেয়ে রাজিয়াকে রক্ষা করার জন্য রাজিয়ার বাবা রাজিয়াকে অন্যত্র বিয়ে দেন। রাজিয়াকে অন্যত্র বিয়ে দেওয়ার কারনে মেহেদীর তার মোবাইলে পূর্বে তোলা রাজিয়ার বিভিন্ন ছবি ফেসবুকে ছড়িয়ে দেয় এবং আরো ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করেন। এ বিষয়গুলো এক পর্যায়ে রাজিয়া তার বাবাকে জানালে রাজিয়াকে তার বাবা ভুট্টু নিজ বাড়িতে নিয়ে আসেন। এরপর মেহেদী গত বছরের ২২ এপ্রিল তারিখে রাজিয়াকে বাড়ির সামনে একা পেয়ে ঝাপটে ধরে গালে চুমু খায়। এমতাবস্থায় রাজিয়া চিৎকার করলে মেহেদী বিভিন্ন রকমের হুমকি-ধামকী দিয়ে পালিয়ে যায়। এ অপমান সইতে না পেরে ওইদিন রাতেই শয়ন ঘরে গলায় ফাঁস দিয়ে রাজিয়া আত্মহত্যা করে। খবর পেয়ে থানা পুলিশ রাজিয়ার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেন। এর পরবর্তিতে রাজিয়ার বাবা থানায় অভিযোগ দিতে গেলেও থানা পুলিশ অভিযোগ গ্রহন না করায় ন্যায় বিচার ও মেহেদীর দৃষ্টান্তমূলক শাস্তির আশায় রাজিয়ার বাবা ভুট্টু চলতি বছরের ২৯ মার্চ তারিখে নওগাঁ আদালতে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

ঘটনার বিষয়ে রাজিয়ার বাবা জুলফিকার আলী ভুট্টু  সাংবাদিকদের জানান, আমার মেয়ে আত্নহত্যা করেনি, তাকে আত্নহত্যার জন্য বাধ্য করা হয়েছে। আর এ ঘটনার মূল হোতা মেহেদী। এছাড়াও মেহেদীর মা জেসমিন ও তার বাবা আনোয়ার ও জড়িত। তিনি এ ঘটনায় সঠিক বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

এবিষয়ে বক্তব্য নেওয়ার জন্য মেহেদী হাসানের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। আর এলাকাবাসী বলছে, এ ঘটনার পর থেকে মেহেদী ও তার পরিবার পলাতক রয়েছে। বাড়িতে তালা ঝুলছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ