নওগাঁর মহাদেবপুরে আসন্ন ৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পরিবর্তনের দাবীতে দলীয় নেতাকর্মীদের বিক্ষোভ সমাবেশে উত্তপ্ত হয়ে উঠেছে উপজেলার ৩ টি ইউনিয়নে।
২৪ নভেম্বর বুধবার দুপুরে মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নে এবং আগের রাতে হাতুড় ও রাইগাঁ ইউনিয়নেরও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে খাজুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বেলাল উদ্দিনকে দেয়া দলীয় মনোনয়ন বাতিলের দাবীতে মহাদেবপুর উপজেলা সদরের কুঞ্জবন বাজারে আওয়ামীলীগসহ এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী বিক্ষোভ সমাবেশ করেন।
এ সমাবেশে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নাছের আলী মন্ডলের ছেলেও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলামকে মনোনয়ন দেয়ার দাবী করা হয়।
হাতুড় ইউনিয়নে মোঃ মোশারফ হোসেনকে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়। এ মনোনয়ন পরিবর্তনের দাবীতে গাহলী মোড়ে দলীয় নেতাকর্মীরা গত রবিবার থেকে বিক্ষোভ সমাবেশ করে আসছে। হাতুড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিনকে মনোনয়ন দেয়ার দাবীতে স্থানীয় নেতাকর্মীরা গত মঙ্গলবার সন্ধ্যায় বিক্ষোভ সমাবেশ শেষে এক সংবাদ সম্মেলন আয়োজন করে। এ সংবাদ সম্মেলনে বিক্ষোভ কারীদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা আয়নাল হক, যুবলীগ নেতা নওফেল আলম প্রমুখ।
অপরদিকে রাইগাঁ ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আরিফুর রহমান আরিফকে দেয়া মনোনয়ন বাতিল করে মহাদেবপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মুঞ্জুরুল আলম মুঞ্জুকে মনোনয়ন দেয়ার দাবীতে রাইগাঁ ইউনিয়নের মাতাজীহাটে দলীয় কর্মীরা গত কয়েকদিন ধরে বিক্ষোভ সমাবেশ করে আসছে।
মঙ্গলবার বিকালে রাইগাঁ বাজারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন রাইগাঁ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফেরদৌস বিদ্যুৎ প্রমুখ।
You must be logged in to post a comment.