নওগাঁর বদলগাছীতে মন্ত্রণালয়ের অডিট টিম পরিচয় দিয়ে বিভিন্ন এতিম খানা ও মাদ্রাসা পরিদর্শনে আসা দুইজন ভুয়া অডিট অফিসারকে আটক করেছে উপজেলা সমাজসেবা অধিদপ্তর।
আটককৃতরা হলেন, বরিশাল জেলার বাকেরগন্জ উপজেলার ভান্ডারীকাঠি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রেজাউল ইসলাম(২৮) ও মাদারীপুর জেলার রাজউর উপজেলার আম গ্রামের মৃত অনিল চন্দ্রের ছেলে অবির ঘোষ(৩০) বলে প্রাথমিকভাবে পরিচয় পাওয়া গেছে।
উপজেলা সমাজসেবা অফিস সুত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৬টায় উপজেলার বালুভরা ইউপির হযরতপুর নারানী হাফেজিয়া মাদ্রাসায় উপস্থিত হয়ে অডিট অফিসার পরিচয় দিয়ে টাকার দাবী করে ভূয়া ওই দুই অডিট কর্মকর্তা রেজাউল ইসলাম ও অবির ঘোষ । সেখান হতে তারা ২ হাজার টাকা, পালশা আকতার সিদ্দিকী হফেজিয়া মাদ্রসায় গিয়ে ১ হাজার টাকা, বালুভরা মহির উদ্দীন বেসরকারী শিশুসদন ১ হাজার এবং আধাইপুর ইউপির দেউলিয়া দারুল এহসান হাফেজিয়া মাদ্রসা গিয়ে ৫ হাজার টাকা গ্রহন করে।
এরপর বেলা ১১টার দিকে উপজেলা কদমগাছী ও কাদিমপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানা অডিট করতে গেলে তারা ভূয়া অডিট অফিসার বলে প্রকাশ হয়ে পড়ে। এসময় তারা সিএনজি যোগে পালানোর চেষ্টা করে। খবর পেয়ে সমাজসেবা অফিসের দুই কর্মচারি ফিরোজ হোসেন ও রজত গোস্বামী জাবারীপুর বাজারে তাদেরকে আটক করে।
দেউলিয়া দারুল এহসান হাফেজিয়া মাদ্রাসার কমিটির সদস্য আব্দুল মতিন জানান, এখানে এসে তারা বিভিন্ন উন্নয়ন মূলক কাজের কথা বলে ১০ হাজার টাকার দাবী করে এবং ৫ হাজার দেওয়া হয়।
উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রুকুনুজ্জামান জানান, ভূয়া অডিট কর্মকর্তারা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে অডিট করার নামে টাকা নিচ্ছে। এই খবর পেয়ে জরুরী ভাবে অফিসের কর্মচারী ফিরোজ হোসেন ও রজত গোস্বামীকে পাঠাই। তারা গিয়ে ওই দুইজনকে আটক করে অফিসে নিয়ে আসে। এরপর তাদের থানায় হস্থান্তর করা হয়।
সংবাদ সংগ্রহকালে এব্যাপারে আইনানুগ প্রক্রিয়া চলছিলো।
You must be logged in to post a comment.