নওগাঁয় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কর্তৃক ২ পুলিশ কর্মকর্তা ছুরিকাহত,আটক- ১

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২৪ অক্টোবর, ২০১৮, ৪:৫২ অপরাহ্ন

আর, আর চৌধুরী, নওগাঁ ।।

অবসরগ্রহনকালীন প্রস্তুতি ছুটিতে থাকাকালীন সেনাবাহিনীর এক মেজর কর্তৃক ছুরিকাঘাতে আহত হয়েছেন নওগাঁর দুই পুলিশ কর্মকর্তা। আহতরা হলেন- সদর মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন এবং সাব ইন্সপেক্টর হানিফ উদ্দিন মন্ডল। তাদেরকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আনোয়ার হোসেনের অবস্থা খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দুপুরে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নওগাঁ শহরের উকিলপাড়া মহল্লায়। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আর অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মাহতাব-ই-রাজুকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, অবসরগ্রহনকালীন মাহতাব-ই-রাজু নামের ওই সেনা কর্মকর্তা মেজর টাঙ্গাইল ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন। অতি সম্প্রতি তাকে বাধ্যতামুলক অবসর প্রদান করা হয়।

তবে পারিবারিকভাবে সাংবাদিকদের কাছে দাবী করা হয়েছে, বর্তমানে তিনি মানষিকভাবে অসুস্থ। গত তিন দিন আগে নওগাঁ শহরের উকিলপাড়া বাসায় এসে নানাভাবে পরিবারের সদস্যদের উত্যক্ত করে আসছে। নিজের বাড়িসহ আশেপাশের বাড়িগুলোতে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করছিল। এরই এক পর্যায়ে গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উত্তেজিত হয়ে বাড়িতে ভাঙচুর চালায় এবং ঘরের ভিতরে প্রবেশ করে আত্মহত্যা করবে বলে দরজা ভিতর থেকে বন্ধ করে দেন। এতে আতঙ্কিত হয়ে তার মা নাসিমা খাতুন ও বোন নাজনীন নাহার নওগাঁ সদর থানায় ফোন করে তাদের অবস্থার কথা জানিয়ে তাড়াতাড়ি বাসায় আসতে বলেন। তখন নওগাঁ সদর মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঐ বাড়িতে যান। প্রথমে ডাকাডাকি করে কোন সাড়া না পাওয়ায় দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করেন। এ সময় দরজার আড়ালে লুকিয়ে থেকে আনোয়ার হোসেনের বুকে ছুরিকাঘাত করে। এতে তিনি মারাত্মকভাবে আহত হন।

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ওসি আব্দুল হাই চিকিৎসকের উদ্বৃতি দিয়ে জানান, আহত আনোয়ার হোসেন বর্তমানে অবস্থা শঙ্কামুক্ত। তবে আনোয়ার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য দুপুরে ঢাকায় পাঠানো হয়েছে। আর এ ঘটনায় উক্ত সেনা কর্মকর্তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আর থানায় মামলা দায়ের হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ