স্টাফ রিপোর্টার।।
নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলো দ্রুত এমপিওভুক্তির চেষ্টা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বুধবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অফিসকক্ষে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি সদস্যদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, যেসকল শিক্ষক এমপিওভুক্ত হবেন, তারা জুলাই মাস থেকেই বেতন প্রাপ্য হবেন। এজন্য মন্ত্রণালয়ে দু’টি কমিটি কাজ করছে। তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় শুরু থেকেই শিক্ষকদের কল্যাণে কাজ করছে। এবারও সর্বোচ্চ চেষ্টা করে যাব।
শিক্ষক নেতৃবৃন্দের উদ্দেশে নাহিদ বলেন, আপনারা আর কষ্ট করবেন না। বৈঠকে শিক্ষামন্ত্রী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে সরকারের বিভিন্ন প্রচেষ্টা ও উদ্যোগ তুলে ধরেন।
শিক্ষক প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন, নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায়, সদস্য মো. শফিকুল ইসলাম, মো. আনোয়ার হোসেন এবং জহুরুল ইসলাম।
এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.