দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি।।
দুপচাঁচিয়া পৌর সার্ভিস এসোসিয়েশনের পক্ষ হতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ৯মাসের বকেয়া বেতন পরিশোধ, পৌর বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের ১৫ মাসের বকেয়া বেতন পরিশোধসহ ২০১৭ সালের এপ্রিল হতে ২০১৯সালের মার্চ মাস পর্যন্ত প্রভিডেন্ড ও আনুতোষিক ফান্ডের এবং ঋণ গ্রহনের ফান্ডের কর্তনকৃত টাকা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত ব্যাংক হিসাব নম্বরে জমা প্রদানের দাবীতে গতকাল শুক্রবার দুপচাঁচিয়া উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে দুপচাঁচিয়া পৌর সার্ভিস এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান সিরাজ লিখিত বক্তব্যে বলেন, স্থানীয় সরকার(পৌরসভা) আইন ২০০৯ এর ৪র্থ ভাগের দ্বিতীয় অধ্যায়ের ৯২(৪) ধারা মোতাবেক পৌরসভার নিজস্ব তহবিলে জমাকৃত অর্থ হতে সর্বপ্রথমে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করার বিধান থাকলেও দুঃখের বিষয় বর্তমান পৌর পরিষদ এই আইনকে উপেক্ষা করে পৌরসভার নিজস্ব আয় দিয়ে বিভিন্ন রকম প্রকল্প গ্রহণ করায় কর্মকর্তা-কর্মচারীদের বেতন বকেয়া রয়েছে। অথচ আমাদের বেতন বকেয়া রেখে মেয়র, কাউন্সিলরদের সম্মানী ভাতা অগ্রীম সহ জানুয়ারি ২০২০ পর্যন্ত পরিশোধ করে নিয়েছে। এতে করে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত সহ মানবেতর জীবন যাপন করছি।
এ বিষয়গুলো নিয়ে পৌর মেয়র বেলাল হোসেনের সঙ্গে দফায় দফায় মির্টিং করলেও তিনি টাকা পরিশোধের আশ্বাস দিয়েও অদ্যবধি কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। এছাড়াও তিনি আসন্ন পৌরসভা নির্বাচনে বিভিন্ন পথসভায় আমাদের টাকা ব্যাংকে জমা রয়েছে বলে মিথ্যাচার করে জনগনের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছেন। আমরা এই মিথ্যাচারে তীব্র নিন্দা জ্ঞাপন করছি। তিনি আরও বলেন, আমাদের দাবী আদায়ের জন্য গত ৫জানুয়ারি হতে পৌরসভায় কর্মবিরতী ও অবস্থান কর্মসূচী চালিয়ে আসছি। বিষয়টি নিয়ে বগুড়া জেলা পৌর সার্ভিস এসোসিয়েশন গত ৮জানুয়ারি এক জরুরী সভা করেন। উক্ত সভায় গৃহিত সিদ্ধান্তটি বাংলাদেশ পৌর সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভপতি আব্দুল আলিম মোল্লাকে অবহিত করেন। কেন্দ্রীয় সভাপতি বিষয়টি নিয়ে মুঠোফোনে পৌর মেয়র বেলাল হোসেনের সঙ্গে কথা বললে, পৌর মেয়র সমুদয় টাকা ব্যাংকে জমা প্রদান করবেন বলে আশ্বস্ত করেন। এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি ও জেলা কমিটির সভাপতির পরামর্শে এবং দুপচাঁচিয়া কমিটির সিদ্ধান্ত ক্রমে চলমান কর্মবিরতী ও অবস্থান কর্মসূচী এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সাময়িকভাবে স্থগিত করা হলো। দাবী-দাওয়ার বিষয়ে কোনো সমাধান না হলে পরবর্তী করনীয় নির্ধারণ করা হবে। সংবাদ সম্মেলনে দুপচাঁচিয়া পৌর সার্ভিস এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, সাবেক সভাপতি আলহাজ্ব মফিক উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সহ এসোসিয়েমনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.