দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি।।
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় অগ্নিকান্ডে জাতীয় পার্টির কার্যালয় সহ ৮টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ২৫লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১টায় তালোড়া পৌর এলাকার স্টেশন রোডস্থ অবৈধভাবে পেট্রোল বিক্রয়ের দোকান থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এতে নিমিষেই পার্শ্বের আরও একটি পেট্রোল বিক্রয়ের দোকান, জাতীয় পার্টির কার্যালয় সহ ৮টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।
এসময় পার্শ্বের অবৈধ পেট্রোল বিক্রয় ও মোটরসাইকেল মেরামতের দোকানে থাকা ৩টি মোটরসাইকেল পুরে যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স দুপচাঁচিয়া ও কাহালু ইউনিটকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। ঘটনাস্থল পরিদর্শন করেন দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান খান সেলিম, তালোড়া পৌর মেয়র আমিরুল ইসলাম বকুল, থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) শহীদুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স দুপচাঁচিয়া ইউনিটের ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে অগ্নিকান্ডের সূত্রপাত অবৈধ পেট্রোল বিক্রয়ের দোকান থেকেই এবং এতে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ২৫লাখ টাকা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন বলেন, অবৈধভাবে খোলা বাজারে পেট্রোল বিক্রয়ের দোকান থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে আমি জেনেছি। শীঘ্রই বিস্ফোরক দ্রব্য আইনের আওতায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে উঠা পেট্রোল ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
You must be logged in to post a comment.