স্টাফ রিপোর্টার।।
এমপিওভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান একযোগে সরকারিকরণের ঘোষণা এবং বার্ষিক প্রবৃদ্ধি ও বৈশাখি ভাতা প্রদানের প্রতিশ্রুতি রক্ষার দাবিতে ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ৩ দিনের অর্ধদিবস কর্মবিরতি এবং ২৭ সেপ্টেম্বর দেশের প্রতিটি জেলা ও উপজেলায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে, বেসরকারি শিক্ষক সংগঠন, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ফোরাম।
বুধবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলন শেষে একই দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন শিক্ষকরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষক ফোরামের মহাসচিব আব্দুল খালেক তিনি বলেন,পরিকল্পিতভাবে বৈষম্য সৃষ্টির উদ্দেশ্যে ২০১৫ খ্রিস্টাব্দ পরবর্তী তিন বছর যাবত শিক্ষকদের বার্ষিক প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা, টাইমস্কেল, ইনক্রিমেন্ট বন্ধ রাখা হয়েছে। পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, পেনশনের ব্যবস্থা নেই এবং সমগ্র চাকরি জীবনে পদোন্নতির সুযোগ নেই। বেসরকারি শিক্ষকরা মূল বেতন স্কেলেরও কম বেতন ভাতা উত্তোলন করে থাকেন। শিক্ষক ফোরাম বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি পালনের মাধ্যমে সরকারিকরণের বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণের প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু সরকারের নিস্পৃহ নিরব দর্শকের ভূমিকা, বেসরকারি শিক্ষকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি করেছে। এতে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে শিক্ষার মানোন্নয়নে। তাই অবিলম্বে শিক্ষকদের বঞ্চনা বৈষম্য দূরীকরণে এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের ঘোষণা ও প্রতিশ্রুতির বাস্তবায়নের জোর দাবি জানান।

সভাপতির বক্তব্যে মোঃ সাইদুল হাসান সেলিম বলেন, দেশের শিক্ষাব্যবস্থা সরকারিকরণ, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষানীতির বাস্তবায়ন, শিক্ষা আইন প্রণয়ন, শিক্ষাব্যবস্থার সকল অসংগতি, দুর্নীতি, অব্যবস্থাপনা, শিক্ষকদের সম্মান ও মর্যাদা রক্ষায় দেশের শিক্ষাবিদ, শিক্ষক, অভিভাবক এবং সাংবাদিকদের সাথে নিয়ে দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে হবে। দেশে নৈতিকতা সম্পন্ন দক্ষ জনশক্তি তৈরি করা ব্যতিত জাতীয় উন্নয়ন অসম্ভব। মানসম্মত শিক্ষাই জাতীয় উন্নয়নের মূল চাবিকাঠি।
সভাপতি বলেন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি মানবতার জননী মাননীয় প্রধানমন্ত্রী, চলতি সংসদ অধিবেশনেই এমপিওভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান একযোগে জাতীয়করণের ঐতিহাসিক ঘোষণা দিবেন এবং প্রতিশ্রুতি রক্ষা করবেন। তিনি উপস্থিত সাংবাদিকদের এবং দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত সকল স্তরের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষক ফোরামের সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সহ-সভাপতি বিপ্লব কান্তি দাস, মোঃ হারুন অর রশিদ, মোঃ আমিনুল ইসলাম, মোঃ মোদাচ্ছির আলম, এ বি এম রেজাউল হক, যুগ্ম মহাসচিব আব্দুল জব্বার, জি এম শাওন, মোঃ দেলোয়ার হোসেন খোকন, মোঃ রফিকুল ইসলাম, আবদুল হালিম, মোঃ রেহান উদ্দিন, সৈয়দ শওকতুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল ইসলাম মাসুদ, সোহেলি পারভিন, মতিউর রহমান দুলাল, মো. রেজাউল করিম মোঃ জহিরুল ইসলাম, মোঃ কামরুল হাসান, মো. আরিফুল ইসলাম, এস এম ফরিদ উদ্দিন, মোঃ জামাল উদ্দিন, মোহাম্মদ গোলাম সাদেক, মোঃ বাসেদ আলী, মোঃ আব্দুল মতিন, মোঃ মামুনুর রশিদ, মোহাম্মদ আব্দুল হালিম, আফরোজা খাতুন, মোঃ মেহেদী হাসান, মোঃ খলিলুর রহমান প্রমুখ।
You must be logged in to post a comment.