চবি প্রতিনিধি।।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৮-১৯ সেশনের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা আগামী ২৭-৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (০৩ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয় উপাচার্যের সভাকক্ষে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, বিভিন্ন অনুষদের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার একেএম নুর আহমেদ, প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী ও ভর্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর ২০১৮-১৯ প্রথম বর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও নিয়মাবলী পরে জানানো হবে।
গত বছর থেকে বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১০টি ইউনিটের পরিবর্তে চারটি ইউনিটে নেওয়া হয়। এবারও বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, মানবিক ও সম্মিলিত ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা নেওয়ার কথা জানান উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
যেসব শিক্ষার্থী শুধু বিজ্ঞান বিভাগের অধীনে থাকা বিষয়গুলো পড়তে চান তারা বিজ্ঞান ইউনিটে, যারা ব্যবসায় শিক্ষা বিভাগে পড়তে ইচ্ছুক তারা ব্যবসা শিক্ষা ইউনিটে, মানবিকে যারা পড়তে ইচ্ছুক তারা শুধু মানবিক ইউনিটে পরীক্ষা দিতে পারবেন। এছাড়া যেসব শিক্ষার্থী বিজ্ঞান থেকে মানবিক কিংবা ব্যবসায় শিক্ষা ইউনিটের বিষয়গুলো পড়তে চান তারা সম্মিলিত ইউনিটে পরীক্ষা দিতে পারবেন। একইভাবে অন্য বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে।
You must be logged in to post a comment.